রাজধানীতে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণখানের গাওয়াইর এলাকার একটি বাসায় ঢুকে গতকাল বুধবার রাতে দুর্বৃত্তরা ওয়াহিদা আক্তার (৪৮) নামের এক গৃহবধূকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
পুলিশ ও নিহত গৃহবধূর পরিবার সূত্র বলেছে, ওয়াহিদা ৭১৫/২ দক্ষিণ গাওয়াইয়ের ছয়তলা একটি বাড়ির মালিক। পরিবার নিয়ে তিনি তৃতীয় তলায় থাকেন। গতকাল সন্ধ্যায় দুই দুর্বৃত্ত তৃতীয় তলায় এসে কলবেল বাজায়। এ সময় বাড়ির মালিক ওয়াহিদা ভেতর থেকে দরজা খুলে দিলে তারা বাসা ভাড়া দেওয়া হবে কি না জানতে চায়। তখন ওয়াহিদা ছয়তলার একটি ফ্ল্যাট খালি আছে বলে জানান। কথা শেষ না হতেই তারা তাঁকে ঠেলে ভেতরে ঢুকে ছিটকিনি লাগিয়ে দেয়। দুর্বৃত্তরা দুই সন্তানের সামনে ওয়াহিদাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওয়াহিদাকে মৃত ঘোষণা করেন।
ওয়াহিদার দেবর ইলিয়াস মজুমদার ঘটনাটি ডাকাতি বলে মনে করছেন। তিনি বলেন, দুর্বৃত্তরা তাঁর ভাবিকে গুরুতর আহত করে হাতের স্বর্ণের চুড়ি, কানের দুল ও গলার চেইন নিয়ে গেছে।
তবে ইলিয়াসের পাশে থাকা তাঁদের এক নারী আত্মীয় বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) শেখ রোকনুজ্জামান বলেন, ওয়াহিদার বড় মেয়ে বাইরে থেকে এসে ওপরে ওঠার সময় হামলাকারীদের সঙ্গে তার সিঁড়িতে দেখা হয়। কিন্তু মেয়ে কিছু বুঝতে পারেনি। শেখ রোকনুজ্জামান দাবি করেন, ঘটনাটি ডাকাতি মনে হচ্ছে না। এটা নতুন ধরনের অপরাধ। এর আগেও দক্ষিণখান এলাকায় এ রকম আরেকটি ঘটনা ঘটেছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।