
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধের মধ্যে গতকাল বৃহস্পতিবার রাজধানীতে চারটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসও। পৃথক ককটেল হামলার ঘটনায় আহত হয়েছেন শিক্ষার্থীসহ ১০ জন। চট্টগ্রামের মিরসরাই উপজেলা ভূমি কার্যালয়ে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।
এ ছাড়া যশোরে তরিকুল ইসলামসহ বিএনপির ছয় নেতার বাড়িতে ককটেল হামলা চালানো হয়েছে। লালমনিরহাটে অবরোধ-সমর্থক ও বিরোধীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। গুলি ছুড়েছে পুলিশ।
অবরোধের ২৪তম দিন গতকাল রাত সাড়ে নয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চারটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। নাশকতার আশঙ্কা, সহিংসতায় জড়িত থাকার অভিযোগ, মামলা ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার করা হয় ১৯৭ জনকে।
গত বছরের ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে ৬ জানুয়ারি থেকে টানা এ অবরোধ চলছে। তবে সহিংসতার শুরু এর দুই দিন আগে থেকেই। গত ২৬ দিনে সহিংসতায় নিহত হয়েছেন ৪১ জন। আগুন দেওয়া হয় ৩৪৬টি যানবাহনে এবং ভাঙচুর করা হয় ৪৩১টি।
এদিকে অবরোধ চলার মধ্যে গতকাল ঢাকা, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নাটোর, ফেনী, লক্ষ্মীপুর ও সুনামগঞ্জে হরতাল পালন করা হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২০-দলীয় জোটের জ্যেষ্ঠ নেতাদের নামে মামলা, নির্যাতন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে রিমান্ডে নেওয়া এবং নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছিল।
রাজধানীর চিত্র: নিউমার্কেট এলাকায় গতকাল সন্ধ্যায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী, দোকান কর্মচারী, পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র শহীদুল ইসলাম ও রিকশাচালক আবদুল হক ছাড়া আহত অন্য ব্যক্তিরা হলেন নাজিমুদ্দিন, পিয়ার হোসেন, শাহজাহান, সজল, সীমান্ত, জামাল হোসেন ও হাজারী। বাকি একজনের নাম জানা যায়নি। পিয়ার হোসেনের অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে নিউমার্কেটের ২ ও ৪ নম্বর ফটকের সামনে পরপর আটটি ককটেলের বিস্ফোরণ ঘটে। দুই ফটকে চারটি করে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। কিছু বুঝে ওঠার আগেই এমন বিস্ফোরণে ফুটপাতের দোকানি ও পথচারীরা লুটিয়ে পড়েন। ককটেলের স্প্লিন্টারে গুরুতর আহত হন ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী পিয়ার হোসেন। অন্যদের কারও হাত, পা, মুখমণ্ডলসহ বিভিন্ন অংশ ঝলসে যায়।
আহত ক্ষুদ্র ব্যবসায়ী জামাল হোসেন বলেন, বিস্ফোরণের পর নিউমার্কেট এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। পথচারী ও দোকানিরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। পরে লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার আবদুল বাতেন বলেন, ককটেলের বিস্ফোরণ ঘটিয়েই পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ছাড়া গতকাল রাত সাড়ে আটটায় মিরপুর ১ নম্বরে প্রজাপতি পরিবহনের একটি মিনিবাসে, রাত সাড়ে নয়টায় ধোলাইখালে মিনিবাসে, সন্ধ্যা সোয়া সাতটায় কুড়িল বিশ্বরোডে তুরাগ পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ছাড়া রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করার জন্য কার্জন হল এলাকায় রাখা বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটির কিছু আসন পুড়ে যায়। ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী বলেন, কার্জন হল থেকে মিরপুর রুটে চলাচল করা ‘চৈতালি’ পরিবহনে বেলা দুইটার দিকে আগুন দেওয়া হয়। শিক্ষার্থীর বেশে বাসটিতে উঠে দুর্বৃত্তরা আগুন দিয়ে থাকতে পারে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
ঢাকার বাইরের চিত্র: চট্টগ্রামের মিরসরাই উপজেলা ভূমি কার্যালয়ে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। ওই রাতে কার্যালয়ের পাহারায় ছিলেন মো. আনিছ। তাঁকে ফাঁকি দিয়ে দুর্বৃত্তরা কার্যালয়ের পূর্ব পাশের নবনির্মিত অংশের জানালা ভেঙে ভেতরে পেট্রলবোমা ছোড়ে। খবর পেয়ে কার্যালয়ের অন্য কর্মকর্তা-কর্মচারীরা গিয়ে আগুন নেভান।
হামলায় নামজারি, মিস মামলা, ভিপি মামলা, রেজিস্টার বইসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। নথিগুলোর বেশির ভাগই ছিল চলমান মামলার। এ ঘটনায় মো. আনিছ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মিরসরাই থানায় মামলা করেন।
গত রাত সোয়া নয়টার দিকে চট্টগ্রামের উত্তর কাট্টলি এলাকার সাগরিকা সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ যশোরের ছয় নেতার বাড়িতে গত বুধবার রাতে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। প্রতিবাদে যশোর জেলা বিএনপির পক্ষ থেকে আগামী রোববার জেলায় ২৪ ঘণ্টার হরতাল ডাকা হয়েছে। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন গতকাল সন্ধ্যায় জানান, বুধবার মধ্যরাতে তরিকুল ইসলাম, জেলা কমিটির সহসভাপতি গোলাম রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হকসহ ছয় নেতার বাড়িতে বোমা হামলা চালানো হয়েছে।
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চৌপথির মোড়ে খান মার্কেট এলাকায় সকালে অবরোধ-সমর্থক ও বিরোধীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। এ সময় দুই পক্ষের চারজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের সাতটি গুলি ছোড়ে। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন হারাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম সরকার, একই ইউনিয়ন বিএনপির সহসভাপতি নুরুজ্জামান সরকার, ছাত্রদলের কর্মী রোস্তম আলী খান ও ফিরোজ খান। রোস্তম আলী ও ফিরোজ খানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং নুরুজ্জামান সরকারকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। আবদুস সালাম প্রাথমিক চিকিৎসা নেন।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা}