রাজধানীতে চার সন্ত্রাসী আটক
রাজধানীতে গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রোববার দিবাগত রাতে নতুন বিমানবন্দর সড়কে প্রতিবন্ধকতা দিয়ে চরজনকে আটক করেছে বনানী থানার পুলিশ। এ সময় বনানী থানার এক কনস্টেবল আহত হয়েছেন। পুলিশের দাবি, আটক হওয়া চারজন সন্ত্রাসী।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) ফরিদা পারভিন প্রথম আলোকে বলেন, গোপন তথ্য পেয়ে বনানী পুলিশ ওই এলাকায় ব্যারিকেড দেয়। রাত প্রায় আড়াইটার দিকে পুলিশ সন্দেহভাজন একটি পিকআপ ও একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করা হলে চালকেরা নির্দেশ মানেনি। তারা জোর করে চলে যাওয়ার চেষ্টা চালায়। পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে এক সন্ত্রাসী আহত হয়। এ সময় পুলিশ চারজনকে আটক করে। তাদের ব্যবহার করা একটি মোটরসাইকেল, পিকআপ ভ্যান, চাপাতি উদ্ধার করা হয়েছে।
ফরিদা পারভিনের তথ্যমতে, সন্ত্রাসীদের আটক সময় পুলিশের কনস্টেবল আব্বাস আহত হন। তাঁর হাড় ভেঙে গেছে। তিনি এখন রাজারবাগ পুলিশ লাইনে চিকিৎসা নিচ্ছেন। সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো মামলা হয়নি।