রাজধানীতে চারজনকে গুলি করেছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে চারজনকে গুলি করে আহত করেছে পুলিশ। তাঁদের গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আছেন ঢাকা মহানগর ৪৬ নম্বর ওয়ার্ড জামায়াতের নেতা আবুল কাশেম ফজলুল হক (৪৮) ও নাজমুল হাসান (৩৬)।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডে আবুল কাশেম ফজলুল হক ও নাজমুল হাসানের নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। এ সময় তাঁরা ভাঙচুরের চেষ্টা চালান। পুলিশ বাধা দিতে গেলে তাঁরা পুলিশের ওপর ককটেল ও ইট-পাটকেল ছুড়ে মারেন। এ সময় পুলিশ গুলি চালালে কাশেম ও নাজমুল পায়ে গুলিবিদ্ধ হন। পুলিশ আহত অবস্থায় তাঁদের গ্রেপ্তার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়া এবং বিস্ফোরক উপাদান আইনে জামায়াতের ওই দুই নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
এর আগে সকাল সাড়ে ছয়টার দিকে কদমতলীর জিয়া সরণি রোডের জাপানি বাজারের সামনে স্থানীয় ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। কদমতলী থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাঁরা পুলিশের ওপর বোমা-ককটেল ছুড়ে মারেন। একপর্যায়ে পুলিশ গুলি চালালে শিবিরের কর্মী আবদুল হামেদের (২২) পায়ে গুলি লাগে। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পুলিশের প্রহরায় চিকিৎসাধীন হামেদের সঙ্গে কথা বলতে গেলে তিনি এ নিয়ে কথা বলবেন না বলে জানান।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, কদমতলী থানায় তাঁর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক উপাদান আইনে মামলা হয়েছে।