রাজধানীতে চারটি যানবাহনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধের অষ্টম দিনে গতকাল মঙ্গলবার রাজধানীতে তিনটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে একটি অনুষ্ঠানসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান চলাকালে বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি ককটেল।
গতকাল সন্ধ্যায় রাজধানীর মতিঝিল এলাকায় পরপর ১০-১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনস বলাকা ভবনের সামনে ট্রাস্ট ট্যাক্সিক্যাব সার্ভিসের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এসব নাশকতার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ধানমন্ডি গভ. বয়েজ স্কুলের সামনে (ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মাথায়) বিকল্প পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাসটি মিরপুর থেকে আজিমপুরে পথে চলাচল করে। এক ঘণ্টা পরে পৌনে সাতটার দিকে মিরপুর স্টেডিয়ামের পাশে বিহঙ্গ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। রাত সাড়ে আটটার দিকে বারিধারা কামাল আতাতুর্ক এভিনিউয়ে একটি গাড়িতে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল: সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান চলছিল। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ ছিলেন অনুষ্ঠানের সভাপতি। এর আগের দিন সোমবার বিশ্ববিদ্যালয়সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব মিলিয়ে গত দুই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কঠোর নিরাপত্তার মধ্যেই ছিল। এর মধ্যেই গতকাল বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের নিচতলার উত্তর-পূর্ব কোনার একটি বাথরুম থেকে পাঁচটি ককটেল উদ্ধার করে পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম আমজাদ আলী প্রথম আলোকে বলেন, ছাত্ররা বাথরুমে ককটেল দেখতে পেলে পুলিশকে খবর দেওয়া হয়। এর আগে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণে তিনজন আহত হন।
স্বাস্থ্যমন্ত্রীর অনুষ্ঠানস্থলে বিস্ফোরণ: গতকাল দুপুরে সলিমুল্লাহ মেডিকেল কলেজ প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর কলেজ শাখার পুনর্মিলনী অনুষ্ঠান মঞ্চের ১০ থেকে ১৫ হাত দূরে পরপর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ওই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্থানীয় সাংসদ হাজি সেলিমসহ স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পুনর্মিলনী অনুষ্ঠানটির সূচনাপর্বে কোরআন তিলাওয়াতের সময়ই পেছনের দেয়ালে বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরিত হয়। একই সময়ে মিটফোর্ড হাসপাতালের প্রাঙ্গণে আরও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের পর অনুষ্ঠানে হইচই শুরু হয়।