রাজধানীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সূত্রাপুরের নারিন্দা এলাকায় ছয়তলা বাসার ছাদ থেকে পড়ে শারমিন জাহান ওরফে মুমু (৭) নামের এক শিশু মারা গেছে। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত মুমুর বাবা মো. জাহিদ হাসান সূত্রাপুরের নারিন্দার ১৮/বি বাসায় ছয়তলায় একটি ফ্ল্যাটে থাকেন।
মুমুর মামা মোশারেফ হোসেন বলেন, আজ সকালে মুমুর মা কাপড় শুকাতে দিতে বাসায় ছাদে যান। তখন মুমুও মায়ের সঙ্গে বাসার ছাদে ওঠে। তার মা কাপড় শুকাতে দেওয়ার এক ফাঁকে হঠাৎ মুমু পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যায়।
বাসার ছাদে কোনো প্রাচীর (রেলিং) ছিল না উল্লেখ করে মোশারেফ আরও বলেন, মুমুকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সকাল নয়টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মুমুকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১-এর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, মুমুর লাশ হাসপাতালের জরুরি বিভাগের লাশঘরে রাখা হয়েছে।