রাজধানীতে ছিনতাই ও অজ্ঞান পার্টির ১৪ জন গ্রেপ্তার
রাজধানীর রামপুরা, মতিঝিল, পল্টন ও শাহজাহানপুরে গতকাল বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে অজ্ঞান পার্টি ও ছিনতাইকারী চক্রের ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে একটি মুঠোফান, দুটি এন্টিকাটার, চারটি ব্লেড ও ১২টি বিষাক্ত মলম উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মানিক (২৮), মো. হৃদয় (২০), মো. ওমর ফারুক (২৪), শরিফুল ইসলাম (২২), এনামুল হক (২২), সুজন (২৮), আশরাফুল ইসলাম (২২), মো. সোহাগ (২০), মো. রাসেল (২৫), মনির হোসেন (২৪), সুজন মিয়া (২০), মো. বাহারাম (৪৮), সুমন হোসেন (৪৫) ও হারুন সরদার (৫৫)।
র্যাব কর্মকর্তারা জানান, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসবাাদে বলেছে, রাজধানীর বিভিন্ন এলাকার বাসস্ট্যান্ড, রেলস্টেশন এলাকায় অজ্ঞান পার্টির সদস্যরা ঘোরাঘুরি করে। তারা সহজ–সরল যাত্রীদের লক্ষ্য করে কখনো তাঁদের ডাব, কোমল পানীয় কিংবা পানির সঙ্গে বিষাক্ত চেতনানাশক ওষুধ মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করে। আবার কখনো যাত্রীবেশে বাস ও ট্রেনে চড়ে যাত্রীদের পাশে বসে তাদের নাকের কাছে চেতনানাশক ওষুধে ভেজানো রুমাল দিয়ে যাত্রীদের অজ্ঞান করে। এসব বিষাক্ত পানীয় সেবন বা বিষাক্ত স্প্রের ঘ্রাণ নেওয়ার পরে ঘটনাস্থলে যাত্রী অজ্ঞান হয়ে পড়ে। এ সময় অজ্ঞান পার্টির যাত্রীর সব কেড়ে নিয়ে যায়। মলম পার্টির সদস্য হিসেবে পরিচিত ছিনতাইকারীরা কখনো ভিড়ের মধ্যে যাত্রীদের চোখে-মুখে বিষাক্ত মলম বা মরিচের গুঁড়া বা বিষাক্ত পদার্থ স্প্রে করে যাত্রীদের সর্বস্ব কেড়ে নেয়। অজ্ঞান পার্টির শিকার ব্যক্তি শারীরিক দুর্বল ও বয়স্ক হলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ভুক্তভোগীর চোখেমুখে বিষাক্ত মলম লাগানোর ফলে তার দৃষ্টিশক্তি চিরতরে হারানোর সম্ভাবনা থেকে যায়। অজ্ঞান পার্টির সদস্যরা নির্বিঘ্নে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে।
র্যাবের কয়েক কর্মকর্তা জানান, সংঘবদ্ধ ছিনতাইকারীরা রাজধানীর বিভিন্ন অলিগলিতে ওত পেতে থাকে। সুযোগ পাওয়া মাত্রই তারা পথচারী, রিকশার আরোহী, যানজটে থাকা সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের ধারালো অস্ত্র দেখিয়ে সর্বস্ব লুটে নেয়। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তুলনামূলক জনশূন্য রাস্তা, লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, রেলস্টেশন এলাকায় বেপরোয়া হয়ে ওঠে। ছিনতাইকাজে বাধা দিলে তারা নিরীহ পথচারীদের প্রাণঘাতী আঘাত করতে দ্বিধা বোধ করে না।
খিলগাঁও, মালিবাগ রেলগেট, দৈনিক বাংলা মোড়, পীরজঙ্গি মাজার ক্রসিং, কমলাপুর বটতলা, মতিঝিল কালভার্ট রোড, নাসিরের টেক, হাতিরঝিল, শাহবাগ, গুলবাগ, রাজউক ক্রসিং, ইউবিএল ক্রসিং, পল্টন মোড়, গোলাপ শাহর মাজার ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, আব্দুল গণি রোড, মানিকনগর স্টেডিয়ামের সামনে, নন্দীপাড়া ব্রিজ, বাসাবো ক্রসিং এলাকায় সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত ছিনতাইকারীরা বেশি তৎপর থাকে।
র্যাব–৩–এর পুলিশ সুপার বীণা রানী দাস আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ভুক্তভোগীরা অজ্ঞান পার্টি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা করতে রাজি না হওয়ায় কিছুদিনের মাথায় তারা কারাগার থেকে জামিনে বেরিয়ে পুরোনো পেশায় যুক্ত হন। তিনি বলেন, গত ঈদুল ফিতরের আগ থেকে গতকাল রাত পর্যন্ত র্যাব –৩ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টি ও ছিনতাইকারী হিসেবে পরিচিত মলম পার্টির সদস্যদের গ্রেপ্তার করেছে।