রাজধানীতে ছিনতাইকারীকে গণধোলাই
রাজধানীতে ছিনতাই করে টাকা নিয়ে পালানোর সময় এক ছিনতাইকারীকে গণধোলাই দিয়েছেন জনতা। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিলের দৈনিক বাংলা মোড়ে এ ঘটনা ঘটে।
গণপিটুনির শিকার ছিনতাইকারীর পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ২০-২২ বছর হবে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ছিনতাইয়ের শিকার হওয়া রেজাউল হকের ভাষ্য, তিনি পুরানা পল্টনের খান অ্যাসোসিয়েটস নামের একটি প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ কর্মকর্তার পদে চাকরি করেন। আজ সকালে জমা দেওয়ার জন্য অফিস থেকে ৮৫ হাজার টাকা নিয়ে তিনি বাংলাদেশ ব্যাংকে যাচ্ছিলেন। দৈনিক বাংলা মোড়ে পৌঁছা মাত্র তিন ব্যক্তি তাঁকে ঘিরে ধরে। এরপর তারা তাঁর সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় তিনি চিৎকার করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ধাওয়া করে এক ছিনতাইকারীকে ধরে ফেলে। ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধার করা হয়। পরে ওই ছিনতাইকারীকে গণপিটুনি দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) হেলালউদ্দিন বলেন, গুরুতর আহত অবস্থায় ছিনতাইকারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ছিনতাইকারী অচেতন থাকায় তাঁর পরিচয় জানা যায়নি। এ ব্যাপার এখনো কোনো মামলা হয়নি।