রাজধানীতে ছিনতাইকারীদের হামলায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় আজ রোববার ভোরে ছিনতাইকারীদের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম অনন্ত বিশ্বাস (২৮)। সকাল ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, নিহত ব্যক্তির লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

অনন্ত বিশ্বাসের স্ত্রী কাকলী বিশ্বাসের ভাষ্য, পূজার ছুটি শেষে তাঁরা গাইবান্ধা থেকে বাসে করে আজ ভোর পাঁচটার দিকে ঢাকায় আসেন। কুড়িল বিশ্বরোড এলাকায় নেমে মিরপুর যাওয়ার জন্য অন্য বাসের অপেক্ষায় ছিলেন। এমন সময় ঘটনাস্থলে একটি প্রাইভেট কার আসে। প্রাইভেট কার থেকে কয়েকজন লোক নেমে তাঁর স্বামীর ওপর হামলা করে। এতে তিনি গুরুতরভাবে আহত হন। পরে ওই দুর্বৃত্তরা সোনার গয়না ও টাকাপয়সা নিয়ে চলে যায়।