রাজধানীতে ছুরিকাঘাতে কিশোর খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে মো. রিপন (১৬) নামের এক কিশোর খুন হয়েছে। কামরাঙ্গীরচরের রসুলপুরে বুধবার রাতে ঘটনাটি ঘটে।

ছুরিকাঘাত
প্রতীকী ছবি

রিপন শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচরের মৃত আলম শরীফের ছেলে। সে রাজধানীর হাতিরপুলে ইস্টার্ন প্লাজার একটি শাড়ির দোকানের কর্মচারী ছিল।

রিপন সপরিবার কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুরে থাকত। পুলিশ ও পারিবারিক সূত্র বলেছে, বুধবার রাতে সে কর্মস্থল থেকে বাসায় ফিরছিল। এ সময় পূর্ব রসুলপুরে তার বাসার কাছে স্থানীয় আরেক কিশোর তার মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ নিয়ে দুই কিশোরের মধ্যে ধস্তাধস্তি হয়।

নিহত রিপনের বড় ভাইয়ের বন্ধু শুভ মাতবর জানান, বখাটে ওই কিশোর (১৩) ধস্তাধস্তির একপর্যায়ে রিপনের পেটে ছুরিকাঘাত করে।

ছুরিকাঘাতের পর রিপনকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় স্বজন ও স্থানীয়রা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, কিশোরটির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।