রাজধানীতে ছুরিকাঘাতে দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দুই এলাকায় পৃথক ঘটনায় খুন হয়েছেন দুজন। আজ রোববার দুপুরে বাড্ডায় ও গতকাল শনিবার রাতে মিরপুরে এসব ঘটনা ঘটে। দুজনই ছুরিকাঘাতে খুন হয়েছেন।

বাড্ডায় কর্মচারীর ছুরিকাঘাতে ওষুধের দোকানের মালিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আবদুল আওয়াল (৩৫)। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর কচুয়ার মাঝিগাছা গ্রামে। ঢাকায় উত্তর বাড্ডায় থাকতেন তিনি। ওই কর্মচারীকে আটক করেছে পুলিশ।

বাড্ডার সাঁতারপুল রোডে আবদুল আওয়ালের একটি ফার্মেসি আছে। দোকানের নাম লিভা মেডিকেল স্টোর। আওয়ালের স্ত্রীর বড়ভাই মোশতাক আহমেদ শিকদার বলেন, আজ রোববার দুপুরে কর্মচারী ফখরুল ধারালো ছুরি দিয়ে দোকানের মালিককে আঘাত করেন। স্থানীয় হাসপাতালে নেওয়ার পথেই আওয়ালের মৃত্যু হয়। নিহত ব্যক্তির এক ছেলে ও এক মেয়ে আছে।

বাড্ডা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুজ্জামান আওয়ালের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, লাশের ময়নাতদন্ত করা হবে। কর্মচারী ফখরুলকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

অন্যদিকে মিরপুরে গতকাল রাতে সাবিয়া বেগম (৬৫) নামের এক নারী খুন হয়েছেন। তাঁর স্বামীর নাম নুরুল ইসলাম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হয়েছে।

মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, মেয়ে ও এক নাতিকে নিয়ে মিরপুরের বড়বাগ এলাকায় থাকতেন সাবিয়া বেগম। তাঁর মেয়ে রুমা একটি গার্মেন্টসে কাজ করেন। গতকাল রাতে কে বা কারা বড়বাগের বাসায় সাবিয়াকে হত্যা করে পালিয়ে যায়। কাজ শেষে বাসায় ফিরে রুমা মায়ের লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠায়।

মিরপুর থানার এসআই বলেন, নিহতের মাথার ডান পাশে ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।