কামরাঙ্গীরচরে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার ২
জঙ্গিদের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁরা হলেন সৈয়দ মোহাম্মদ মোজাহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম সোলায়মানী ওরফে আরাফাত।
গ্রেপ্তার হওয়া দুজন নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই সদস্য। এ সময় তাঁদের কাছ থেকে দুটি চাপাতি ও এবিটির দুটি জিহাদি বই উদ্ধার করা হয়। মোজাহিদুল ইসলামের বাড়ি কুমিল্লায় ও আরিফুল ইসলামের বাড়ি চট্টগ্রাম জেলায়। তাঁরা চট্টগ্রাম অঞ্চলের এবিটির দায়িত্বশীল পর্যায়ের নেতা।
আজ মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটি) অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম এ কথা জানান।
রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংয়ে মনিরুল ইসলাম বলেন, গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কামরাঙ্গীরচর এলাকা থেকে মোজাহিদুল ইসলাম ও আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি দক্ষিণের একটি দল। এই দুজন এবিটির অর্থ সংগ্রহ ও দাওয়াতি কার্যক্রমে জড়িত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ডিবিকে জানান, এবিটির শীর্ষ এক নেতার নির্দেশে তাঁরা ঢাকায় সাংগঠনিক বৈঠক করার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে এই দুজন সরাসরি কোনো হত্যাকাণ্ডে জড়িত কি না, এ ব্যাপারে তাঁদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি। গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা হয়েছে।