রাজধানীতে জমির বন্দোবস্ত নিতে কোটি টাকা ঘুষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তি মালিকানাধীন একটি জমিকে খাস দেখিয়ে তা বন্দোবস্ত নেওয়া বাবদ সচিবালয়, ভূমি মন্ত্রণালয় ও ঢাকার জেলা প্রশাসক কার্যালয়ে কমপক্ষে এক কোটি পাঁচ লাখ টাকা ঘুষ লেনদেন হওয়ার সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ পাওয়া গেছে। এর বাইরেও ঘুষ লেনদেন হওয়ার অভিযোগ আছে।
প্রথম আলোর কাছে আসা ১২টি রসিদ ও একটি স্ট্যাম্পে এই ঘুষের তথ্যপ্রমাণ পাওয়া গেছে। ঘুষদাতা হিসেবে ছয় ব্যক্তির নাম পাওয়া গেছে, যাঁরা ইসলামিয়া মার্কেট বণিক সমবায় সমিতির সাবেক ও বর্তমান নেতা। তাঁরা নাম, সই ও সমিতির সিল দিয়ে এবং তারিখ উল্লেখ করে জমির রক্ষায় এই টাকা ‘খরচের’ কথা জানিয়েছেন। ২০০৯ থেকে ২০১১ সালের মধ্যে এই ঘুষ লেনদেন হলেও সমিতি গত সেপ্টেম্বর মাসে এ-সংক্রান্ত তথ্যপ্রমাণ সরকারের একটি দপ্তরে জমা দিতে সমিতি বাধ্য হয়, যদিও সমবায় অধিদপ্তর ওই সমিতির নিবন্ধন বাতিল করে মালিককে জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই নির্দেশের বিরুদ্ধে রিট আবেদন করেছেন সমিতির নেতারা।
প্রথম আলোর পক্ষ থেকে ঘুষদাতা হিসেবে সই করা একাধিক ব্যবসায়ী নেতার সঙ্গে কথা বলা হয় এবং তাঁরা এই টাকা দেওয়ার কথা স্বীকার করেছেন। রসিদে সই থাকা নেতারা হলেন মকবুল হোসেন খান, ফারুক আহমেদ ওরফে মিন্টু, খায়ের মিয়া, মো. বাবুল, জহুরুল হক ও আবদুর রাজ্জাক ভূঁইয়া। সমিতির বর্তমান সভাপতি মো. আব্দুর রাজ্জাক ভূঁইয়া বলেন, জমি রক্ষার খরচ বাবদ এই টাকা যখন দেওয়া হয়, তখন তিনি সমিতির সাধারণ সদস্য ছিলেন। তাঁকে ওই সময়ে সমিতির নেতারা রসিদে সই দিতে বলেছেন ও তিনি দিয়েছেন। এই টাকা কোথায়, কোন খাতে খরচ হয়েছে তা তার জানা নেই।
অনুসন্ধানে দেখা গেছে, রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যক্তির জমি দখলে নিয়ে সরকারকে মালিক দেখিয়ে এবং অবৈধ উপায়ে সমিতি গড়ে তুলে একটি চক্র কোটি কোটি টাকার বাণিজ্য করছে। নথিপত্র পর্যালোচনা, আদালতের রায় বা ডিক্রি এবং সরকারের বিভিন্ন কার্যালয়ের তথ্য অনুযায়ী ওই জমির মালিক দীনেশ রাম পাশী। শতকোটি টাকা মূল্যের এই জমির মালিক গত প্রায় ২৫ বছর ধরে পৈতৃক জমি উদ্ধারের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন। সাবেক ভূমি প্রতিমন্ত্রী এবং বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানও চেষ্টা করেছেন জমিটি উদ্ধার করে দেওয়ার জন্য।
জানতে চাইলে মোস্তফিজুর রহমান প্রথম আলোকে বলেন, কাগজপত্র পর্যালোচনা করলে যে কেউ মত দেবে যে, এই জমি ওদের। কিন্তু সরকারের কিছু কর্মকর্তা-কর্মচারীর সহায়তায় এমনভাবে ওই জমি গ্রাস করা হয়েছে, যা উদ্ধার করার শক্তি ওই দুর্বলের নেই।
সম্প্রতি একজন সাবেক সচিবের কক্ষে দীনেশ পাশির সঙ্গে দেখা। ওই সচিব বললেন, ‘লোকটা কয়েকশ কোটির টাকার সম্পদের মালিক, কিন্তু সর্বস্ব হারিয়ে পথে ঘুরছে।’ তাঁর ওই বক্তব্যের সূত্র ধরে অনুসন্ধানে জানা যায়, দীনেশের জমি গ্রাস হওয়ার আদ্যোপান্ত।
‘ভূমির কুতুব’ নিয়েছেন ২৮ লাখ টাকা: মালিক দাবিদার দীনেশের জমি খাস হিসেবে দেখাতে ঘুষ গ্রহণকারীদের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা কুতুব উদ্দিনের নাম উল্লেখ আছে, যিনি আগে থেকেই ‘ভূমির কুতুব’ নামে পরিচিত। দুটি রসিদে তাঁকে ২৮ লাখ টাকা দেওয়ার কথা বলা হয়েছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কুতুব গ্রেপ্তার ও সাময়িক বরখাস্ত হন। ২০০৯ সালে তিনি জামিনে মুক্তি পেয়ে চাকরিতে বহাল হন।
জানতে চাইলে কুতুব উদ্দিন প্রথম আলোকে বলেন, এসব ডাহা মিথ্যা কথা। তিনি কারও কাছ থেকে সুবিধা বা টাকা নেননি। সমিতির কর্মকর্তাদের লিখিত বক্তব্যে ঘুষ দেওয়ার কথা উল্লেখ থাকা প্রসঙ্গে তিনি বলেন, কেউ তার নাম ব্যবহার করতে পারে।
ঘুষ লেনদেনের তথ্য প্রমাণ: প্রতিটি রসিদে সচিবালয়ে জমি সংক্রান্ত কাজে টাকা খরচের কথা বলা হলেও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে, প্রশাসনের এই প্রাণকেন্দ্রে নগদ টাকা লেনদেনের কোনো সুযোগ নেই। তবে অনুসন্ধানে সমিতির নেতাদের সাক্ষরে ঘুষ দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া আরেকটি স্ট্যাম্পে জমি রক্ষায় ৪১ লাখ টাকা ঋণ নেওয়ার প্রমাণ রয়েছে, যা শোধ না করায় ঋণদাতা আনোয়ারউল্লাহ খন্দকার আইনি নোটিশ দিয়েছেন।
ওই চুক্তিপত্র অনুযায়ী ‘মার্কেটের দুর্যোগ’ ঠেকাতে ১৭ লাখ টাকা ঋণ নেওয়া হয়, যা সুদাসলে ৪১ লাখ টাকা হয়েছে। এরই মধ্যে গত ৬ আগস্ট দুর্নীতি দমন কমিশন-দুদক এ ঘটনায় ব্যবসায়ী সমিতির ৪ নেতা মকবুল হোসেন খান, আব্দুর রাজ্জাক ভূঁইয়া, আমির হোসেন ও আলী আক্কাসের বিরুদ্ধে মামলা করেছে।
জানতে চাইলে আবদুর রাজ্জাক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ওনার কাছ থেকে ১৫ লাখ টাকা নিয়ে আট লাখ টাকা ফেরত দেওয়া হয়। কিন্তু উনি ৪১ লাখ টাকা দাবি করছেন। তিনি প্রশ্ন রাখেন, উনি কী সুদে টাকা খাটাতে পারেন?
জেলা প্রশাসনকে থামান সাবেক ভূমি প্রতিমন্ত্রী: ঢাকার জেলা প্রশাসন ওই জমি ব্যবসায়ী সমিতিকে বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নিলে ২০১১ সালে সাবেক ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান তা আটকে দেন। মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসন দুটি অন্যায় করেছিল, একটি হলো পাশের জমির সঙ্গে ওই সংখ্যালঘুর জমি খাস হিসেবে দলিল করে দিয়েছিল। পরে এ নিয়ে প্রশ্ন তুললে সেই দলিল সংশোধন করে।
নথি পর্যালোচনায় দেখা যায়, ২০১১ সালে সাবেক জেলা প্রশাসক মহিবুল হক ভূমি সচিবকে দেওয়া এক চিঠিতে এই জমির দাম ৬৪ কোটি টাকা ধরে বন্দোবস্ত দেওয়ার অনুমতি চান। কিন্তু মন্ত্রণালয় অনুমতি না দিয়ে উল্টো তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটির প্রতিবেদন আজও আলোর মুখ দেখেনি। আর মন্ত্রণালয়ও খাস জমি হিসেবে টাকা জমা দেওয়ার অনুমতি দেয়নি।
দীনেশ পাশি বলেন, ‘১৯৮২ সালে সমিতি গঠনের পর আমাদের তত্ত্বাবধায়কের সঙ্গে যোগসাজশ করে ভাড়াটিয়ারা মালিক হিসেবে আমাদের অস্বীকার করে জমির দখল নেয়। তিনি বলেন, নিম্ন ও উচ্চ আদালতের রায় অনুযায়ি সরকার আমাদের তিন শরীককে জমির দখল বুঝিয়ে দেয়। অপর দুই শরীক জমি ভোগ করছে। কিন্তু রহস্যজনকভাবে আমাদের বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা করে জেলা প্রশাসন।’
সাবেক ভূমি প্রতিমন্ত্রী বলেন, জমির মালিকানা নিয়ে নিম্ন ও উচ্চ আদালতে হেরে গিয়ে জেলা প্রশাসন আপিল না করে নিম্ন আদালতে কেন মামলা করেছিল তা রহস্যজনক বিষয়।
সমিতির সভাপতি আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ওনারা জমির মালিক হতে চাইলে থাকলে আইন ও আদালত মোকাবিলা করতে হবে। আদালতই বলবে কারা এর মালিক।