রাজধানীতে জেএমবি সন্দেহে গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজার থেকে গত সোমবার রাতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। তাঁদের কাছ থেকে একটি ল্যাপটপ, ছয়টি মুঠোফোন ও কিছু বই জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন হাফেজ জাফর আহম্মেদ, রাসেল আহম্মেদ ওরফে রিংকু, আবদুল্লাহ আল মঞ্জু ওরফে জাহাঙ্গীর ও রাসেল উদ্দিন। পুলিশের সূত্র বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে নয়টার দিকে কাউন্টার টেররিজম ইউনিট মগবাজারের আমবাগান এলাকার হাতিরঝিল অংশে অভিযান চালিয়ে জেএমবির সদস্য হাফেজ জাফর, রাসেল আহম্মেদ, আবদুল্লাহ ও রাসেল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মারুফ হোসেন সরদার গতকাল বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে নিজেদের জেএমবির সক্রিয় সদস্য বলে জানিয়েছেন।
ছাত্রশিবিরের আট কর্মী গ্রেপ্তার: পুলিশ বলেছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ মগবাজারের ডাক্তার গলিতে একটি মেসে অভিযান চালিয়ে ইসলামী ছাত্রশিবিরের আট কর্মীকে গ্রেপ্তার করেছে।