রাজধানীতে জেএমবির এক সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য নূর আলমকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ছবি: সংগৃহীত
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য নূর আলমকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ছবি: সংগৃহীত

জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. নূর আলম (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ৩০০ ফিট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-১-এর একটি দল।

র‍্যাবের দাবি, নূর আলম নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় ৩০০ ফিট রোডের রূপগঞ্জের বোয়ালা ব্রিজের কাছে অভিযান চালিয়ে নূর আলমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে উগ্রবাদী তিনটি বই জব্দ করা হয়। নূর আলমের বাড়ি ঢাকার দক্ষিণ বাড্ডা এলাকায়।

র‍্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর আলম জেএমবির সক্রিয় সদস্য বলে জানিয়েছেন। তিনি জেএমবির আরও চার সদস্য শোভন ওরফে সুজন ওরফে রাফি, শরিফ ওরফে মনির ওরফে রবিন, মুনতাসীর ওরফে সাদি ওরফে রাইয়ান ও ইমরুল কায়েস ওরফে সাকিব ওরফে সাকির সঙ্গে ৩০০ ফিট এলাকায় সাংগঠনিক কর্মকাণ্ডকে চাঙা করার লক্ষ্যে একত্র হয়েছিলেন। সেখান থেকে নূর আলমকে গ্রেপ্তার হলেও বাকি চার জঙ্গি পালিয়ে যায়।
র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৬ সালে দক্ষিণ বাড্ডার শাহাবা জামে মসজিদের খতিব মো. আক্কাস আলী রশিদের বয়ান শুনে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হন বলে গ্রেপ্তারের পর নূর আলম র‍্যাবকে জানিয়েছেন। এরপর তিনি জেএমবির সদস্য হন। নূর আলম রাজধানীর রামপুরার নন্দীপাড়া কোরআন সুন্নাহ একাডেমির মসজিদে প্রতি শুক্রবারের বয়ানে যেতেন। সেখানে প্রতি শুক্রবার নামাজের পর বিভিন্ন অঞ্চল থেকে জেএমবির সদস্যরা জড়ো হতেন। ওই মসজিদে জেএমবির সদস্য মুনতাসীর ওরফে সাদি, জনি ওরফে ফয়সাল, সাইফুল্লাহ ওরফে রাকিব, আনোয়ার ওরফে মঈন, শাহরিয়ার ওরফে বায়েজিদ, ইকবাল ওরফে ইব্রাহিম, রাকিব ওরফে ফাহিম, মিনহাজ ওরফে মিরন, শোভন ওরফে সুজন ও মঈন ওরফে ফাহাদও আসতেন। তাঁদের মাধ্যমে নূর আলম জঙ্গিবাদে দীক্ষিত হন। তিনি জেএমবির সদস্য সংগ্রহ করতেন। বগুড়া, জামালপুর, কুড়িগ্রাম ও পাটগ্রাম এলাকায় সংগঠনের পক্ষ থেকে দাওয়াতি কাজে অংশ নিয়েছিলেন নূর আলম।