অস্ত্র, বিস্ফোরকসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির চার জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, গত বুধবার রাতে রাজধানীর খিলগাঁও ও কমলাপুরে অভিযান চালিয়ে এই চার জঙ্গিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা হলেন আবদুল বাতেন ওরফে খাইরুল ইসলাম ওরফে মামুনুল হক, মনির মোল্লা, গোলাম কিবরিয়া ওরফে আক্তার ও রোমান খান ওরফে রুমন। তাঁদের কাছ থেকে একটি পিস্তল, চারটি গুলি, ৩১টি পেট্রলবোমা, পাঁচটি হাতে তৈরি বোমা বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), এক কেজি বিস্ফোরক, উগ্রপন্থী বই ও পত্রিকা উদ্ধার করা হয়েছে।
র্যাব বলছে, আবদুল বাতেন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ঢাকা জেলার ভারপ্রাপ্ত আমির, মনির মোল্লা গুলশান-বাড্ডার দায়িত্বপ্রাপ্ত নেতা, বাকি দুজন সদস্য।
এঁদের গ্রেপ্তারের খবর জানাতে গতকাল বৃহস্পতিবার র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, ‘গতকাল জামায়াতের ডাকা হরতালকে ঘিরে নাশকতার প্রস্তুতি ছিল জেএমবির। কিন্তু তার আগেই র্যাব গোয়েন্দা সূত্রে জানতে পারে যে নাশকতার উদ্দেশ্যে আবদুল বাতেন ও মনির মোল্লা গাজীপুর থেকে ঢাকায় এসেছেন। এই তথ্যের ভিত্তিতে র্যাব-৩-এর একটি দল বুধবার রাত সাড়ে ১০টার দিকে খিলগাঁও বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে র্যাব জানতে পারে যে, চট্টগ্রাম থেকে গোলাম কিবরিয়া ও রোমান খান নামের জেএমবির আরও দুই সদস্য একই উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ট্রেনে এসে কমলাপুর রেলস্টেশনের কাছে অবস্থান করছেন। এরপর রাত সাড়ে ১২টার দিকে সেখান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।’
মুফতি মাহমুদ খান বলেন, ২০১৪ সালের ২ অক্টোবর ভারতের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনা তদন্তে জেএমবির তখনকার শীর্ষ নেতা শেখ রহমতুল্লাহ ওরফে মাছুম ওরফে সাজিদ ও মোহাম্মদ নাঈমের নাম উঠে আসে। সেই নাঈমের ঘনিষ্ঠ সহযোগী আবদুল বাতেন। তিনি নাঈমের অবর্তমানে জেএমবির ঢাকা জেলার ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব নেন।
এক প্রশ্নের জবাবে র্যাবের মুখপাত্র বলেন, র্যাব প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত জেএমবির ৬১৬ জন সদস্যকে গ্রেপ্তার করেছে সংস্থাটি।