রাজধানীতে জেএমবির তিন 'সদস্য' গ্রেপ্তার
রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ডিএমপির ভাষ্য, গতকাল শনিবার রাতে উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—জেএমবির কারিগরি সহায়ক এএইচএম খায়রুল আসাদ, সাবেক শুরা সদস্য মীর মোয়াজ্জেম হোসেন ও কফিল উদ্দিন বিন আমিন।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুর ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে মোবাইল ফোনের জ্যামার এবং উগ্রবাদী মতাদর্শের বিপুলসংখ্যক বই উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আজ রোববার দুপুর আড়াইটার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফ করা হবে।
ডিবির কর্মকর্তাদের ভাষ্য, খায়রুল জেএমবিকে কারিগরি সহায়তা দিতেন। জেএমবির শুরা সদস্যরা সভা করার সময় জ্যামার ব্যবহার করতেন, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অবস্থান চিহ্নিত করতে না পারে।