রাজধানীতে জেএমবির সন্দেহভাজন তিন সদস্য গ্রেপ্তার
রাজধানীর সায়েদাবাদ থেকে নিষিদ্ধঘোষিত জামায়াতে মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য ও একটি ল্যাপটপ উদ্ধারের দাবি করেছে ডিবি।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শামীন মাহফুজ ওরফে সুমন (৩৮), জাহিদুর রহমান (৩৩) ও ইসমাইল হোসেন (৩৯)।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম দাবি করেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সায়েদাবাদ এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। জেএমবির একটি গ্রুপের দলনেতা শামীন। তাঁর নির্দেশে জাহিদুর ও ইসমাইল অন্যদের কাছে বিস্ফোরক, লিফলেট ও অন্যান্য উপকরণ পৌঁছে দিতেন।
মনিরুল ইসলামের দাবি, জিজ্ঞাসাবাদে ওই তিনজন জানিয়েছেন, তাঁরা আগে জামাতুল মুসলিমিন নামের একটি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। জেএমবির শীর্ষ নেতাদের ফাঁসি কার্যকর হওয়ার পর তাঁদের কর্মকাণ্ড স্তিমিত হয়ে যায়। পরে তাঁরা জেএমবির সঙ্গে যুক্ত হন। রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান করে জঙ্গিদের মধ্যে সমন্বয় করাই ছিল তাঁদের মূল কাজ।
ডিএমপির যুগ্ম কমিশনারের ভাষ্য, শামীন জেএমবির কার্যক্রমে সহযোগিতা করে আসছিলেন। পাকিস্তানসহ বিভিন্ন দেশে পলাতক বাংলাদেশি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে পরিকল্পনা বাস্তবায়নের কাজটি করছিলেন তিনি।
মনিরুল ইসলাম বলেন, জঙ্গি-কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া তিনজন একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। কিন্তু তাঁরা জামিন নিয়ে বেরিয়ে আবার জঙ্গি তত্পরতায় জড়িত হয়েছেন।