রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই মোটরসাইকেলের চালক। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কাফরুল থানার জাহাঙ্গীরগেট ও মহাখালী উড়ালসড়কের মাঝামাঝি এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ওই তরুণের নাম নাঈম। বয়স ২৭ বছর। গুরুতর আহত অবস্থায় নাঈমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত আড়াইটায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মেহেদি আহত হন। তিনি নাঈমের বন্ধু। মেহেদি এখন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

নাঈমের ভগ্নিপতি আতাউর বলেন, নাঈম তাঁর বন্ধু মেহেদির সঙ্গে পুরান ঢাকায় বিরিয়ানি খেতে গিয়েছিলেন। সেখান থেকে তাঁরা মোটরসাইকেল নিয়ে দক্ষিণখানে তাঁদের বাসায় ফিরছিলেন। পথে জাহাঙ্গীরগেট এলাকায় তাঁদের মোটরসাইকেলে একটি ট্রাক ধাক্কা দিলে নাঈম নিহত হন। তাঁর বন্ধু মেহেদি এখন হাসপাতালে ভর্তি।
দক্ষিণখান পশ্চিম মোল্লার টেক এলাকার বাসিন্দা আবু তাহেরের ছেলে নাঈম। পাথর আমদানিকারক একটি কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি।