রাজধানীতে ডাকাতি, ৮৪ ভরি স্বর্ণ ও ১৩ লাখ টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরের সাতমসজিদ রোডের চানমিয়া হাউজিংয়ে ইটভাটার মালিক আকতার হোসেনের বাড়িতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা ৮৪ ভরি স্বর্ণ ও ১৩ লাখ টাকা নিয়ে যায়।

প্রথম আলো অনলাইনকে আকতার হোসেনের ভাষ্য, গতকাল সন্ধ্যার দিকে বাসার ডোরবেল বাজলে তাঁর ১৫ বছর বয়সী ছেলে দরজা খুলে দেয়। ছেলেকে ধাক্কা দিয়ে তিনজন ঘরে ঢুকেই ছেলেকে বেঁধে ফেলে এবং তার পিঠে চাপাতি দিয়ে আঘাত করে। পরে আরেকজন ঘরে ঢোকে।
আকতার হোসেন বলেন, ‘গতকাল বিকালে ব্যাংক থেকে ১৩ লাখ টাকা তুলে বাসায় পাঠিয়ে দিই। ডাকাতেরা আমার স্ত্রী ও বিবাহিত মেয়েকে মুখে কাপড় গুঁজে হাত-পা বেঁধে ফেলে। তারপর আমার স্ত্রীকে বলতে থাকে, “ঘরে ১৩ লাখ টাকা আছে। ভালোভাবে দিয়ে দে, তা না হলে তোর মেয়েকে ধর্ষণ করব।” তারপর কাঠের আলমারি থেকে ডাকাতেরা সব বের করে নেয়। যাওয়ার সময় তাঁরা বাড়ির দরজা বন্ধ করে দিয়ে যায়।’
আকতার হোসেনের ভাষ্যমতে, মেয়ে কোনোভাবে হাতের বাঁধন খুলে অন্যদেরটা খুলে দেয়। তারপর চারতালার বাসা থেকে সবাই চিৎকার করতে থাকে। তখন এলাকার আশপাশের লোকজন এসে বাড়ির দরজা খুলে দেয়।
আকতার হোসেন গতকালই মোহাম্মদপুর থানায় মামলা করেছেন।
মোহাম্মদপুর থানার পুলিশ জানায়, এ ঘটনায় মামলা করেছেন আকতার হোসেন।