রাজধানীতে ডিবি পরিচয়ে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দোয়েল চত্বর এলাকায় আজ শনিবার ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ক্ষুদ্র গার্মেন্টস ব্যবসায়ী। পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্য পরিচয়ে ব্যাগ তল্লাশি করার নামে ছয়জন দুর্বৃত্ত সাত লাখ টাকা নিয়ে গেছে বলে দাবি করেছেন ওই ব্যবসায়ী।

ছিনতাইয়ের শিকার ওই ব্যবসায়ীর নাম মো. আজম উদ্দিন। তাঁর বাড়ি নোয়াখালীর মাইজদী বাজারে। উত্তর বাড্ডার তেঁতুল তলায় তিনি পরিবার নিয়ে থাকেন। সেখানে হামজা স্পোর্টস নামে তাঁর একটি ছোট গার্মেন্টস কারখানা আছে।

আজম উদ্দিন প্রথম আলোর কাছে দাবি করেন, কারখানার জন্য জিনিসপত্র কিনতে একটি ব্যাগে সাত লাখ টাকা নিয়ে তিনি সকালে বাসা থেকে বের হয়েছিলেন। এরপর জরি কিনতে তিনি চকবাজার মসজিদ মার্কেটে যান। জরি পছন্দ না হওয়ায় সেখান থেকে তিনি ফিরে আসেন। কাপড় কিনতে নারায়ণগঞ্জ যাওয়ার জন্য রিকশায় করে গুলিস্তানের দিকে রওনা দেন তিনি। কিন্তু দোয়েল চত্বর এলাকায় এলে হঠাৎ পেছন থেকে দুজন ব্যক্তি ডিবির সদস্য পরিচয় দিয়ে দৌড়ে এসে তাঁর রিকশা থামাতে বলেন। ব্যাগে অস্ত্র আছে—এমন দাবি করে দ্রুত ব্যাগ তল্লাশি শুরু করেন তাঁরা। ব্যাগ খুলে টাকা দেখার পর পরই একজন আজমের মাথায় রিভলবার ঠেকিয়ে কোনো শব্দ না করতে বলে সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নেন। এ সময় পেছন থেকে কালো রঙের দুটো পালসার মোটরসাইকেলে করে আরও চারজন ব্যক্তি রিকশার সামনে আসেন। দৌড়ে দুজন দুই বাইকে ওঠার সঙ্গে সঙ্গে বাইক দুটি দ্রুত শহীদ মিনার এলাকার দিকে চলে যায়। তাদের বয়স ৩৫-৩৬ এর মতো হবে। গায়ে হাফ স্লিপ সাদা চেকের শার্ট ও নেভি ব্লু জিনস প্যান্ট ছিল।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, অপরাধীরা মাঝে মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে থাকেন। কিন্তু ধরন দেখে মনে হচ্ছে না তাঁরা ডিবির লোক। কারণ, ডিবির লোক কখনোই ব্যাগ নিয়ে দৌড় দিত না। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে।