রাজধানীতে তরুণের হাতে তরুণ খুনের অভিযোগ
রাজধানীতে এক তরুণের হাতে আরেক তরুণ খুন হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, মামুলি দ্বন্দ্বের জের ধরে মারামারির একপর্যায়ে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এর আগে ৬ জানুয়ারি রাজধানীর উত্তরায়ও একই ধরনের ঘটনা ঘটে। কিশোর দলের হাতে খুন হয় আদনান কবির (১৫) নামে এক স্কুলছাত্র।
গতকালের ঘটনায় পুলিশ তিন কিশোরকে গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডের শিকার তরুণের নাম আবদুল আজিজ (১৮)। তেজগাঁও রেলওয়ে কলোনিতে পরিবারসহ থাকতেন তিনি। কাজ করতেন পাশের একটি যানবাহন মেরামতের কারখানায়।
আজিজের খালাতো বোন মোছা. রুমার অভিযোগ, গতকাল বেলা আড়াইটার দিকে দুই কিশোর আজিজকে ডেকে নিয়ে যায়। পরে তেজকুনিপাড়ার খেলাঘর মাঠের পূর্ব পাশের সড়কে ছুরিকাঘাত করে আজিজকে হত্যা করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁরা বেলা আড়াইটার দিকে খেলাঘর মাঠের পূর্ব কোনায় আজিজসহ ১২-১৩ জন কিশোর-তরুণের জটলা দেখেছেন। তাদের কয়েকজনের হাতে ক্রিকেট খেলার ব্যাট ও স্টাম্প ছিল। খেলা শুরুর আগেই তারা ব্যাট ও স্টাম্প দিয়ে মারামারি শুরু করে। পরে মাঠের দেয়াল টপকে পাশের সড়কেও তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আজিজকে ছুরিকাঘাত করা হয়।
পুলিশ বলছে, মারামারিতে জড়িত সবাই একই এলাকায় বেড়ে উঠেছে। তারা একসঙ্গে মাঠে খেলাধুলাও করে। তাদের প্রত্যেকের বয়স ১৪ থেকে ১৮-এর মধ্যে।
আজিজ ও সাইমন (১৮) নামের দুই তরুণের মধ্যে কে ছোট কে বড় তা নিয়ে দ্বন্দ্ব ছিল। দুজনই নিজেকে একে অপরের বড় দাবি করে গত মঙ্গলবার রাতে হাতাহাতি করেন। এতে ক্ষিপ্ত সাইমন গতকাল সকাল থেকে একটি চাকু নিয়ে ঘুরছিলেন। গতকালের মারামারির সময় আজিজের পক্ষে ৮-১০ জন কিশোর এবং সাইমনের পক্ষে দুই কিশোর মারামারি করে। একপর্যায়ে আজিজকে চাকু দিয়ে আঘাত করেন সাইমন।
হাসপাতাল সূত্র জানায়, সাত-আটজন কিশোর আজিজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিকেল পৌনে চারটার দিকে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আজিজকে মৃত ঘোষণা করেন। তাঁর বাঁ হাত ও মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাত ছিল। পরে পুলিশ সাইমনসহ ছয় কিশোরকে হাসপাতাল থেকে থানায় নিয়ে আসে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় আজিজের মা শরিফা বেগম বাদী হয়ে মামলা করেছেন। এই মামলায় সাইমন এবং আরও দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত খেলার ব্যাট ও চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনের মধ্যে সাইমন ও জুয়েল তেজগাঁও এলাকার দুটি লেদ মেশিনের কারখানায় এবং মনির একটি কম্পিউটারের দোকানে কাজ করে।
নিহত আজিজের বাবা বাছির মিয়া তেজগাঁও এলাকার বিভিন্ন ফুটপাতে আচার বিক্রি করেন এবং মা শরিফা বেগম বিভিন্ন বাসায় গৃহপরিচারিকার কাজ করেন।