রাজধানীতে তিনজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁরা হলেন গৃহকর্মী সাথী আক্তার (১৬), রুবেল সরদার (২১) এবং অজ্ঞাতনামা এক নারী।
পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার রাত ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকের একটি বাসা থেকে সাথী আক্তার (১৬) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। সাথী পাঁচ মাস ধরে মোহাম্মদ আলীর বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত।
গৃহকর্তা মোহাম্মদ আলী পুলিশকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় সাথীকে একা বাসায় রেখে তিনি ও তাঁর স্ত্রী বাইরে যান। রাত নয়টার পর বাসায় ফিরে দেখেন বসার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সাথী ঝুলছে। পরে তাকে সিলিং ফ্যান থেকে নামিয়ে এনে পুলিশে খবর দেওয়া হয়।
প্রায় একই সময়ে বিমানবন্দর-সংলগ্ন রেললাইনে ট্রেনের চাকায় কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারী মারা যান। তাঁর পরনে ছিল হলুদ রঙের ছাপা শাড়ি।
ঢাকা রেলওয়ে থানার (জিআরপি) উপপরিদর্শক আলী আকবর বলেন, রেললাইন পার হওয়ার সময় জামালপুরগামী কমিউটার ট্রেনের চাকায় কাটা পড়ে মারা যান ওই নারী। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর।
পুরান ঢাকার লালবাগ থানার শহীদনগর এলাকায় আহত যুবক রুবেল সরদার (২১) গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২৩ মার্চ কয়েক ব্যক্তি তাঁকে হাসপাতালে ভর্তি করেছিলেন। হাসপাতালের নথিপত্রে তাঁর বাড়ি শরীয়তপুরের জাজিরায় বলে উল্লেখ রয়েছে। হাসপাতালে ভর্তি কিংবা মৃত্যুর পরও রুবেলের কোনো স্বজন তাঁর খোঁজ নিতে আসেননি।