রাজধানীতে থামছে না অজ্ঞান পার্টির তৎপরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) নজরদারি, অভিযানের পরও থামছে না অজ্ঞান পার্টির তৎপরতা। গত দুই দিনে রাজধানীতে আরও সাতজন অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সব খুইয়েছেন। তাঁদের অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজধানীতে গত ৩৩ দিনে এ নিয়ে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ৩৯৭ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলো। এ ছাড়া অজ্ঞান পার্টির কবলে পড়ে গত মাসের শেষ দিকে দুজন মারা গেছেন। এঁদের একজন ট্রেনের চালক এবং অপরজন কলেজছাত্র। ডিবি পুলিশ গত কয়েক দিনে অজ্ঞান পার্টির বেশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও তাদের দৌরাত্ম্য বন্ধ হচ্ছে না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, অজ্ঞান পার্টির খপ্পরে পড়া চারজনকে গত বৃহস্পতিবার এবং গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তিনজনকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। এঁদের মধ্যে গতকাল ভোর সোয়া চারটার দিকে বিজয় সরণির নভো থিয়েটারের সামনে থেকে অজ্ঞাত এক যুবককে (৩৫) অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনেন শেরেবাংলা নগর থানার এএসআই মাহবুবুর রহমান। তিনি জানান, ওই যুবক অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন।

বেলা সোয়া একটার দিকে গুলিস্তানের গোলাপ শাহ মাজারের কাছ থেকে অচেতন এক যুবককে উদ্ধার করে হাসপাতালে আনেন শাহবাগ থানার এএসআই নয়ন মিয়া। ওই যুবকও অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সব খুইয়েছেন বলে প্রথম আলোকেজানান নয়ন মিয়া।

এ ছাড়া সকাল নয়টার দিকে গুলিস্তান থেকে ছেড়ে আসা গাবতলীগামী একটি মিনিবাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন ফার্মগেটের একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. বাবুল (৩৫)। ওই প্রতিষ্ঠানের মালিক নজরুল ইসলাম বলেন, বাবুলের বাসা পুরান ঢাকার সিক্কাটুলিতে। তিনি মিনিবাসে করে কর্মস্থলে আসার পথে অজ্ঞান পার্টির কবলে পড়েন। মিনিবাসটি গাবতলী পৌঁছানোর পর একজন পুলিশ সদস্য তাঁকে ফোন করে বাবুলের অজ্ঞান পার্টির কবলে পড়ার কথা জানান। পরে তিনি সেখানে গিয়ে বাবুলকে হাসপাতালে নিয়ে যান।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পল্লবীর পূরবী সিনেমা হলের সামনে থেকে কাঁচামাল ব্যবসায়ী আনোয়ার হোসেনকে (৬০) অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। হাসপাতালে তাঁর ছেলে আজহার আলী জানান, তাঁর বাবার পকেটে মানিব্যাগে থাকা চার হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় মতিঝিলের দেওয়ানবাগ দরবার শরিফে আসা হাবিবুর রহমানকে (৪৮) অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তাঁকে হাসপাতালে নেওয়া মাহবুবুর রহমান জানান, এক ডাব বিক্রেতা ভাব জমিয়ে হাবিবুরকে ডাব খাইয়ে অচেতন করে মানিব্যাগ নিয়ে গেছেন।

সেদিন সকালে বনানী পদচারী সেতুর নিচ থেকে পথচারীরা মুদিদোকানি নজরুল ইসলামকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেন। স্বজনেরা জানান, তাঁরও মানিব্যাগ খোয়া গেছে। কারওয়ান বাজার থেকে পান-সিগারেট বিক্রেতা মুরশেদ আলমকে সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হয়। তাঁর স্ত্রী জানান, তাঁর স্বামী অজ্ঞান পার্টির কবলে পড়ে সব হারিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বৃহস্পতিবার অজ্ঞান পার্টির কবলে পড়া চারজনকে হাসপাতালে আনার বিষয়টি নিশ্চিত করেন।