রাজধানীতে দম্পতিকে কুপিয়ে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামপুর থানার ফরিদাবাদে বাড়িতে ঢুকে এক দম্পতিকে কুপিয়ে ডাকাতেরা এক লাখ টাকা ও দুটি মুঠোফোন নিয়ে গেছে। আহত হারুন অর রশীদ (৪৫) ও তাঁর স্ত্রী সেলিনা আক্তারকে (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার দিবাগত রাতে ফরিদাবাদের হরিচরণ রায় রোডে এ ঘটনা ঘটে। হারুন অর রশীদের একটি ইস্পাত কারখানা আছে। তাঁর বাড়িটি একতলা। বুধবার রাত তিনটার দিকে তিনজন দুর্বৃত্ত জানালা ভেঙে ও গ্রিল কেটে হারুনের শোবার ঘরে ঢোকে। তারা ঘুমন্ত সেলিনার মুখ চেপে ধরতে গেলে তিনি চিৎকার দেন। এতে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে সেলিনার হাতে কোপ দেয়। তাঁর চিৎকারে হারুন জেগে উঠলে দুর্বৃত্তরা তাঁকেও চাপাতি দিয়ে কোপায়। পরে এই দম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি থেকে এক লাখ টাকা ও দুটি মুঠোফোন নিয়ে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন এই দম্পতি প্রথম আলোকে বলেন, ডাকাতেরা বাসায় ঢোকার আগে বাসার বিদ্যুৎ সংযোগ কেটে দেয়। তাদের প্রত্যেকে মুখোশ পরা ছিল।
যোগাযোগ করা হলে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা চুরি করতে হারুনের বাসায় ঢুকেছিল। কিন্তু হারুন ও তাঁর স্ত্রী ঘুম থেকে জেগে ওঠায় তারা তাঁদের কুপিয়ে টাকা নিয়ে যায়। এ ঘটনায় দস্যুতার অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।