রাজধানীতে দুই গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবী ও উত্তরখানে দুই গৃহবধূকে নৃশংসভাবে খুন করা হয়েছে। পুলিশের ধারণা, এই দুজনকে তাঁদের স্বামীরা হত্যা করে পালিয়েছেন।
গতকাল সোমবার বিকেলে পল্লবী থানা এলাকায় বিহারি ক্যাম্পের একটি বাসা থেকে পারভীন আক্তারের (৪৫) লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর শরীরের বিভিন্ন স্থানে স্ক্রু ড্রাইভারের গভীর জখম, পেটের দিকে গরম তরলের ফোসকার চিহ্ন পাওয়া গেছে। আর গত রোববার রাতে উত্তরখানে গৃহবধূ ইসমত আরার (৩৫) লাশ মিলেছে বসতবাড়ির সেপটিক ট্যাংকের ভেতর।
এলাকাবাসী সূত্রে পল্লবী থানার পুলিশ জানায়, পারভীন ও ২৫/২৬ বছরের সাব্বির ওরফে পিচ্চি সাব্বির কয়েক মাস আগে বিয়ে করেন। তাঁরা বিহারি ক্যাম্পের একটি ঘরে থাকতেন। গতকাল তালাবদ্ধ ওই ঘরটি থেকে গন্ধ পেয়ে আশপাশের লোকজন পুলিশে খবর দেয়। রাত নয়টার দিকে পুলিশ পারভীনের অর্ধগলিত লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, পারভীনের বুক, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। মাথায় রক্ত জমাট বেঁধে ছিল। ডান হাতের কবজিও ভাঙা পাওয়া যায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, ঘটনাস্থল থেকে একটি স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি দিয়ে খুঁচিয়ে ওই নারীকে হত্যা করা হয়েছে। এ ছাড়া তাঁর শরীরের তলপেটের দিকে ফোসকা পড়েছে, মনে হচ্ছে সেখানে কোনো গরম তরল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছে। সর্বশেষ গত শনিবারও পারভীনকে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ওই দিনই তাঁকে খুন করে পালিয়েছেন সাব্বির। এ ঘটনায় তাঁকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসারও অভিযোগ রয়েছে।
সেপটিক ট্যাংকে লাশ: উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) হাবিব হাওলাদার বলেন, গত রোববার রাত সাড়ে নয়টার দিকে উত্তরখানের মধ্যপাড়া এলাকার ভাড়া বাসার সেপটিক ট্যাংকের ভেতর থেকে গৃহবধূ ইসমত আরার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, স্বামী কাঠমিস্ত্রি হানিফ শেখ তাঁকে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে ফেলে পালিয়েছেন।
নিহতের মেয়ে আকলিমা (১৩) জানায়, প্রায়ই তার মা-বাবার মধ্যে ঝগড়া হতো। গত শনিবার রাতেও ঝগড়া হয়। রোববার সকালে ঘুম থেকে উঠে সে দেখে, মা-বাবা কেউ নেই। এরপর সে নানির সঙ্গে মাকে খুঁজতে বের হয়। একপর্যায়ে ভাড়া বাসার বাথরুমের পাশে মায়ের স্যান্ডেল জোড়া খুঁজে পায় আকলিমা। এরপর মামা বাদশা হাওলাদার এলে তাঁকে নিয়ে খোঁজাখুঁজি শুরু হয়। শেষ পর্যন্ত সেপটিক ট্যাংকের ভেতরে তাঁর লাশ পাওয়া যায়।
নিহতের বড় ভাই বাদশার অভিযোগ, ইসমতের মেয়ে আকলিমার নামে ব্যাংকে ২০ হাজার টাকা আছে। সেই টাকার জন্য স্বামী হানিফ প্রায়ই তাঁকে মারধর করতেন। ওই টাকার জন্যই তাঁকে হানিফ শেখ হত্যা করেছেন বলে অভিযোগ করেন বাদশা।