রাজধানীতে দুই দিনে দুই শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত দুই দিনে ধর্ষণের শিকার হয়েছে দুই শিশু। এর একটি ঘটেছে গতকাল রোববার শান্তিবাগে, অন্যটি গত শনিবার ভাটারায়। তাদের ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)।
এই ওসিসিতেই চিকিৎসাধীন দিনাজপুরে ধর্ষণের শিকার পাঁচ বছরের শিশুটি। গত সপ্তাহেই রাজধানীর দক্ষিণখানে দরজা ভেঙে ঘরে ঢুকে এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটে। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে ধর্ষণের শিকার হয়েছে ৪৬৬ জন নারী। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২৬ জনকে।
শান্তিবাগে ধর্ষণের শিকার ৭ বছরের শিশুটিকে গতকাল রাত আটটার দিকে হাসপাতালে নিয়ে আসেন তার মা ও এক আত্মীয়া। শিশুটির মা বলেন, দ্বিতীয় শ্রেণিতে পড়ে তাঁর মেয়ে। বিকেলে সে প্রতিদিনের মতো কয়েকটি বাসা পরে একজনের কাছে পড়তে যায়। অন্যদিনের চেয়ে দেরিতে বাসায় ফেরা মেয়ের কাছ থেকে জানতে পারেন, অপরিচিত এক ব্যক্তি নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করেছে।
শাহজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা বলেন, ধর্ষককে চিহ্নিত করা যায়নি।
ভাটারায় ধর্ষণের শিকার শিশু: ভাটারার সমিরউদ্দিন মার্কেটে ধর্ষণের শিকার ১৩ বছরের শিশুটির ভাই ও বাবার অভিযোগ, স্থানীয় খন্দকার রাশেদুল (৩৬) শনিবার রাত আটটার দিকে শিশুটিকে ওই মার্কেটে ডেকে নিয়ে মারধর ও ধর্ষণ করে। মেয়েটি বাড়ি ফেরার পর তাঁরা ঘটনা জেনে পুলিশকে জানান এবং রাত দুইটার দিকে মেয়েটিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। খন্দকার রাশেদুলের ভাই খন্দকার শহীদ ভাটারা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
চিকিৎসকেরা বলেছেন, মেয়েটির শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে, তবে ধর্ষণের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ বলেছে, এ ঘটনায় ভাটারা থানায় ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
যোগাযোগ করা হলে খন্দকার শহীদ বলেন, ঘটনার পর থেকে রাশেদুল বাড়িতে আসেনি। তিনি বলেন, ‘আমি তো মানুষ। এ রকম জঘন্য কাজ কোনো মানুষ সমর্থন করতে পারে না।’