রাজধানীতে দুই নারী খুন
রাজধানীতে দুজন নারী খুন হয়েছেন। তাঁদের একজন ভাষানটেকের গৃহবধূ মোছাম্মৎ মর্জিনা (২৮)। অপরজন অজ্ঞাতনামা তরুণী (২২)। তাঁর লাশ উদ্ধার করা হয়েছে খিলক্ষেতের নিকুঞ্জ থেকে। এ ছাড়া রমনা থানার সিদ্ধেশ্বরীতে মো. রাসেল (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
মর্জিনার লাশ উদ্ধার করা হয় গতকাল শুক্রবার দুপুরে। পুলিশের ধারণা, মর্জিনাকে তাঁর স্বামী হত্যা করে পালিয়েছেন।
ভাষানটেক থানার পুলিশ জানায়, খবর পেয়ে গতকাল দুপুর ১২টার দিকে ভাষানটেকের টেকপাড়ার বস্তির একটি ঘর থেকে মর্জিনার লাশ উদ্ধার করা হয়। তাঁর গলায় কালো দাগ আছে। লাশটি বিছানার ওপর শোয়ানো অবস্থায় ছিল। মর্জিনা তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন। তাঁর স্বামী আমির উদ্দিন রিকশাচালক। আমির পলাতক। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে আমির স্ত্রীকে হত্যা করে পালিয়েছেন। এই দম্পতির একমাত্র সন্তান দুই বছর আগে মারা গেছে।
ভাষানটেক থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, মর্জিনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। আমিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
খিলক্ষেত থানার পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে খিলক্ষেতের নিকুঞ্জ ৩ নম্বর এলাকায় রাস্তা থেকে অজ্ঞাতনামা তরুণীর লাশ উদ্ধার করা হয়। তাঁর মাথার পেছনে রক্তাক্ত জখম ছিল। নাকে-মুখে মাটি লেগে ছিল। গলায় একটি ওড়না পেঁচানো এবং বাঁ পায়ের গোড়ালি ছেলা ছিল। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই তরুণীকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা খুন করে ওই জায়গায় ফেলে রেখে গেছে। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে।
হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে রমনা থানার সিদ্ধেশ্বরী এলাকা থেকে অচেতন অবস্থায় রাসেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। তখন কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে রাসেলের ভাই মো. সোহেল সাংবাদিকদের জানান, রাসেল সাত মাস আগে বিয়ে করেছিলেন। তিনি একটু উগ্র মেজাজি ছিলেন। স্ত্রীর সঙ্গে ঝগড়ার জের ধরে তিনি গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, প্রাথমিক তদন্তে রাসেলের মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।