রাজধানীতে দুই নারীকে গলা কেটে হত্যা
রাজধানীর আবদুল্লাহপুর ও কাফরুলে দুই নারীকে গলা কেটে খুন করা হয়েছে। নিহত দুজন হলেন পুষ্প রানী (৪৪) ও রোজিনা আক্তার (২৮)। গতকাল মঙ্গলবার তাঁদের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্র বলেছে, গত সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পুষ্প রানী এক যুবকের সঙ্গে আবদুল্লাহপুরের ‘নীলা’ নামের একটি আবাসিক হোটেলের ৪১৪ নম্বর কক্ষে ওঠেন। তাঁদের সঙ্গে চার বছর বয়সী একটি ছেলেশিশু ছিল। হোটেলের খাতা অনুযায়ী ওই যুবকের নাম দুর্জয় (২৮)। তাঁরা চিকিৎসার জন্য টাঙ্গাইল থেকে এসেছেন বলে হোটেল কর্মচারীদের জানিয়েছিলেন। সোমবার মধ্যরাতে ওই যুবক শিশুটিকে নিয়ে বেরিয়ে গেলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। রাত তিনটার দিকে হোটেলের কর্মচারীরা ওই কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখেন। দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে সাড়া না পেয়ে তাঁরা পুলিশে খবর দেন। গতকাল ভোরে পুলিশ গিয়ে দরজা ভেঙে কক্ষে পুষ্প রানীর গলা কাটা লাশ পায়। কক্ষে রক্তমাখা ছুরি, কিছু কাগজপত্র ও কয়েকটি মুঠোফোন নম্বর পাওয়া যায়। মুঠোফোন নম্বরের সূত্র ধরে পুষ্পের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পারে, দুর্জয় পরিচয়ে হোটেলে ওঠা যুবকের প্রকৃত নাম লিটন, গাজীপুরে থাকেন। সঙ্গে থাকা শিশুটি পুষ্পের নাতি।
নাম প্রকাশে অনিচ্ছুক পুষ্পের এক স্বজন বলেন, পুষ্পের স্বামীর নাম দীনেশ চন্দ্র শীল। তাঁদের দুই মেয়ে রয়েছে। বড় মেয়ের বিয়ে হয়েছে, স্বামীর সঙ্গে বরিশাল থাকেন। ছোট মেয়ে কলেজে পড়েন। পুষ্পের বাসা রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায়। বছরখানেক আগে লিটনের সঙ্গে পুষ্পের পরিচয় হয়। লিটন নিয়মিত গুদারাঘাটে পুষ্পের বাসায় যাতায়াত করতেন। সোমবার দুপুরের দিকেও যান। বিকেলে লিটনের সঙ্গে পুষ্প বাসার বাইরে যেতে চাইলে বরিশাল থেকে বেড়াতে আসা বড় মেয়ের ছেলেও তাঁর পিছু নেয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন বলেন, লিটনকে গ্রেপ্তার করা যায়নি। শিশুটিকে নিয়ে তিনি পালিয়েছেন। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
এদিকে গতকাল দুপুরে কাফরুল থানাধীন ইব্রাহিমপুরের একটি বাড়িতে খুন হন রোজিনা। নয় বছর ধরে সৌদি আরবপ্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী রোজিনা দুই মেয়েকে নিয়ে ৮৩৯ নম্বর বাড়ির নিচতলার ভাড়াটে হিসেবে ওঠেন গত ১ মার্চ।
রোজিনার স্বজনদের অভিযোগ, দুই শিশুসন্তানের সামনেই রোজিনাকে হত্যা করা হয়েছে। তাঁরা রোজিনার ননদের ছেলে শাকিলকে দায়ী করেছেন।
রোজিনার বোন নূরজাহান বলেন, রোজিনার একটি মুঠোফোন ব্যাংক হিসাবে ১৫ হাজার টাকা ছিল। গতকাল সকালে এই টাকা তোলার জন্য হিসাবের পিন নম্বর চান শাকিল। এতে রাজি না হওয়ায় শাকিল চাকু দিয়ে রোজিনাকে গলা ও পায়ে আঘাত করে পালিয়ে যান। রোজিনার সাত বছর বয়সী বড় মেয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। ছোট মেয়ের বয়স দুই বছর।
রোজিনার বড় মেয়ে প্রথম আলোকে বলে, সকালে শাকিল বাসায় আসেন। মায়ের সঙ্গে শাকিলের ঝগড়া হয়েছে। শিশুটি আর কিছু বলতে পারেনি।
কাফরুল থানার ওসি শিকদার মো. শামীম হোসেন বলেন, বাসার গোসলখানায় রোজিনার লাশ পাওয়া গেছে। তাঁর গলা ও দুই পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বাসা থেকে রক্তমাখা একটি চাকু উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।