দুই মানবপাচারকারীকে গ্রেপ্তারের দাবি ডিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আশকোনা এলাকায় একটি হোটেলে অভিযান চালিয়ে দুজন মানবপাচারকারীকে গ্রেপ্তারের দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির ভাষ্য, ওই হোটেলে পাচারের জন্য ১৮ জনকে রাখা হয়েছিল। তাঁদের উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঢাকা উত্তরের ডিবির উপকমিশনার শেখ নাজমুল আলম এ কথা জানিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. গোলাম রাব্বানী ও মো. শাহাদাৎ হোসেন। ডিবি বলছে, এ ঘটনায় জড়িত আরও পাঁচজন পলাতক রয়েছেন। হোটেল থেকে পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র জব্দ করা হয়েছে।
ডিবির সহকারী উপকমিশনার শেখ নাজমুল আলমের ভাষ্য, গতকাল রোববার বেলা পৌনে তিনটার দিকে আশকোনা বাজারে হোটেল ডিরিফাজে তাঁরা অভিযান চালায়। সেখানে অস্ট্রেলিয়া মহাদেশের পালাউ দ্বীপপুঞ্জে পাচারের উদ্দেশে ১৮ জনকে রাখা হয়েছিল। অবৈধভাবে মানবপাচারের সঙ্গে জিএলসি প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান জড়িত বলে তিনি দাবি করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহামুদুর রহমান, ব্যবস্থাপক বাবুল হোসেন, কোষাধ্যক্ষ মো. মাহফুজুর রহমান, মো. মাহাবুব ও মো. ওবাইদুর পালিয়ে যান।

রাজধানীর আশকোনা এলাকায় একটি হোটেলে অভিযান চালিয়ে দুজন মানবপাচারকারীকে গ্রেপ্তারের দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবি: সাজিদ হোসেন
রাজধানীর আশকোনা এলাকায় একটি হোটেলে অভিযান চালিয়ে দুজন মানবপাচারকারীকে গ্রেপ্তারের দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবি: সাজিদ হোসেন


সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পাচারের জন্য ওই হোটেলে অন্যদের সঙ্গে কবির আহম্মেদ নামে এক ব্যক্তিকে রাখা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই ডিবি সেখানে অভিযান চালায়।
ডিবির ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবির আহম্মেদ বলেন, গ্রেপ্তার দুই ব্যক্তি তাঁদের পালাউ দেশ সম্পর্কে জানান। পরে রাজধানীর মালিবাগের জিএলসি প্রাইভেট লিমিটেডের এমডি মাহামুদুর রহমান সেখানে যাওয়ার জন্য তাঁদের কাছ থেকে জনপ্রতি সাত লাখ টাকা করে নেন। কিন্তু টাকা দেওয়ার পরও তাঁদের নির্ধারিত সময়ে পালাউতে পাঠানো হয়নি। এ নিয়ে নানা টালবাহানা চলতে থাকে।
কবিরের বরাত দিয়ে ডিবি আরও জানায়, মাহামুদুর রহমান গতকাল মো. শাহাদৎ হোসেনের মাধ্যমে ১৮ জনকে ওই হোটেলে নিয়ে আসেন। জানানো হয়, ওই দিন তাঁদের পালাউতে পাঠানো হবে। কিন্তু নির্ধারিত ফ্লাইটের সময় পার হওয়ার পরও কারও কাছে সদুত্তর না পেয়ে কবিরের সন্দেহ হয়। পরে তিনি ডিবির সঙ্গে যোগাযোগ করেন।
এ ঘটনায় কবির আহমেদ দক্ষিণখান থানায় গ্রেপ্তার দুজন ও পালিয়ে যাওয়া ‘মানবপাচারকারী’দের বিরুদ্ধে মামলা করেছেন।