রাজধানীতে দুই শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী ও মোহাম্মদপুরে গতকাল মঙ্গলবার দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার পুলিশ বলেছে, যাত্রাবাড়ীর শনির আখড়ায় ছয় বছরের শিশুকে ঘরে একা রেখে গতকাল কাজে যান তার বাবা। বিকেলে কর্মস্থল থেকে ঘরে ফিরে দেখেন মেয়ে কান্নাকাটি করছে। ঘটনা বুঝতে পেরে তিনি মেয়েকে নিয়ে থানায় আসেন। পরে পুলিশের পরামর্শে মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে ভর্তি করান। শিশুটির বাবার অভিযোগ, প্রতিবেশী এক কিশোর তাঁর মেয়েকে ধর্ষণ করেছে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন মুন্সী রাত ১১টার দিকে ঘটনা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে।
এদিকে মোহাম্মদপুরের ঘটনা সম্পর্কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির এক স্বজন বলেন, জেনেভা ক্যাম্পে ধর্ষণের শিকার শিশুটির বয়স ১৩ বছর। বিকেলে ক্যাম্পের এক যুবক তাকে ধর্ষণ করেন বলে শিশুটির ওই স্বজন অভিযোগ করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, স্বজনদের বক্তব্য শুনে শিশুটিকে ওসিসিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট থানাতেও বিষয়টি জানানো হয়েছে।