রাজধানীতে দুই শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক ১
রাজধানীতে পৃথক দুটি স্থানে দুই শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। একটি ঘটনায় পুলিশ ইতিমধ্যে একজনকে আটক করেছে। ওই দুই শিশুর শারীরিক পরীক্ষার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি।
জানা যায়, শিশুটির বাবা রিকশার মিস্ত্রি। বাসা থেকে কিছুটা দূরে এক জায়গায় রিকশা মেরামত করেন তিনি। গতকাল সকালে সেখানে শিশুটির মা-ও যান। বাসায় ওই শিশুটি ছিল। এই সুযোগে প্রতিবেশী এক রিকশাচালক তাকে বাসায় নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। তখন শিশুটি চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন ওই ব্যক্তিকে মারধর করেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।
খিলগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোক্তার হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
এদিকে রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্ট এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ওই শিশুটি পরিবারের সঙ্গে মহানগর প্রজেক্ট এলাকার বাগিচার টেকে এক বাসায় থাকে। গত বুধবার বাসায় একা পেয়ে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে স্থানীয় এক যুবক। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই ওই যুবক পালিয়ে যায়।
গতকাল সকালে ওই শিশুটিকে নিয়ে ঢাকা মেডিকেলে যায় পরিবার। মেডিকেল থেকে বিষয়টি থানায় জানানো হলে পুলিশের একটি দলকে পাঠানো হয়। পরে সব ঘটনা শুনে একটি মামলানেওয়া হয়। ওই যুবককে আটকের চেষ্টা চলছে।