সায়েদাবাদের করাতিটোলায় গতকাল বৃহস্পতিবার রাতে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মো. তুষার নামের ওই যুবকের এক স্বজন বলছেন, তিনি বিদ্যুতের তারে জড়িয়ে আত্মহত্যা করেছেন।
তুষারের চাচাতো ভাই মো. অতুল প্রথম আলোকে বলেন, রাত আটটার দিকে করাতিটোলায় বান্ধবীর বাসার ছাদে ওঠেন তুষার। সেখানে বান্ধবীর সঙ্গে আরও একজন নারী ছিলেন। ওই সময় তিনি তুষারের মুঠোফোনে ফোন করেছিলেন। তুষারের বান্ধবী মুঠোফোন ধরে তাঁকে বলেন, তুষার অস্বাভাবিক আচরণ করছে, তিনি যেত দ্রুত ওই বাসায় যান। এ কথা শুনে তিনি দ্রুত সেখানে যান। ছাদে উঠে দেখেন তাঁর চাচাতো ভাই দুই হাত দিয়ে বৈদ্যুতিক তার জড়িয়ে আছেন। আর সেখানে আগুন জ্বলছে। কিছুক্ষণের মধ্যে তিনি নিচে পড়ে যান। সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তুষারের লাশ এখন ঢাকা মেডিকেল কলেজের মর্গে আছে।
স্বামীবাগের বাসিন্দা তুষার গাড়ি মেরামতের কাজ করতেন।
বাড্ডায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার
রাজধানীর বাড্ডায় রিয়া আক্তার নামের নবম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন।
রিয়ার বাবা মো. আবুল কাশেম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, তাঁর চার মেয়ের মধ্যে রিয়া দ্বিতীয়। আচার-আচরণে রিয়ার মধ্যে কিছুটা অস্বাভাবিকতা ছিল। গতকাল তাঁর মেয়ে যখন বাড়ির বাইরে যায় তখন সে একদম স্বাভাবিক ছিল। হঠাৎ খবর পান মেয়ে দুর্ঘটনা ঘটিয়েছে। গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় রিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় বাড্ডা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছেন বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল কুদ্দুস। তিনি জানান, ময়নাতদন্তের জন্য রিয়ার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।