রাজধানীতে দুটি শিশু ধর্ষণের শিকার

রাজধানীতে আবারও ধর্ষণের ঘটনা ঘটেছে। রায়েরবাজার ও মিরপুরে সাত ও নয় বছরের দুটি মেয়েশিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশু দুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।
গতকাল রোববার ওসিসির সমন্বয়ক ডা. বিলকিস বেগম প্রথম আলোকে বলেন, শিশু দুটির স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার কর্মস্থল থেকে ফেরার পথে রাজধানীর উত্তরায় এক কিশোরী গণধর্ষণের শিকার হয়। এর আগে ২১ মে রাতে চলন্ত মাইক্রোবাসে গণধর্ষণের শিকার হন এক গারো তরুণী। তাঁকে রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় রায়েরবাজার ছয়তলা গলি এলাকায় সাত বছরের একটি শিশুকে ধর্ষণ করে প্রতিবেশী এক যুবক। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ খোকন (২৮) নামের ওই প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে।
শিশুটির বাবা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর শিশুকন্যাকে পাশের ঘরে ডেকে নিয়ে যায় খোকন। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে সে। শিশুটির চিত্কারে লোকজন ছুটে গিয়ে খোকনকে ধরে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় হাজারীবাগ থানায় একটি মামলা করেছেন শিশুটির বাবা। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) অলিভ মাহমুদ প্রথম আলোকে জানান, খোকনকে হাতেনাতে ধরার পর কিছু স্থানীয় লোকজন বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করেন। পরে আরেকটি পক্ষ মীমাংসায় সম্মত না হয়ে খোকনকে পিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়। রাতে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে ধর্ষণের চেষ্টার কথা স্বীকার করেছে খোকন।
তবে মিরপুরে নয় বছরের একটি শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রাসেল (২০) পালিয়ে গেছেন। পুলিশ বলছে, তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মিরপুর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মুকতারুজ্জামান প্রথম আলোকে বলেন, শনিবার রাতে এক নারী তাঁর নয় বছরের শিশুটিকে রক্তাক্ত অবস্থায় থানায় নিয়ে আসেন। পরে চিকিত্সার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই নারী অভিযোগ করেন, প্রতিবেশী রাসেল নামের এক যুবক শিশুটিকে ধর্ষণ করেছে।
শিশুটির মা একটি পোশাক কারখানায় কাজ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি সাংবাদিকদের জানান, রাতে ঘরে ফিরে দেখেন তাঁর মেয়ে খুবই অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। পরে শিশুটি তার মাকে জানায়, সন্ধ্যার দিকে সে টিভি দেখছিল। এ সময় প্রতিবেশী রাসেল ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। সে চিৎকার করলে রাসেল পালিয়ে যায়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন খান জানান, পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরপরই রাসেল নামে ওই যুবককে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।