রাজধানীতে দুর্বৃত্তের অ্যাসিডে মা ও শিশুকন্যা দগ্ধ
রাজধানীর মিরপুরের রূপনগরে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে মা ও তাঁর শিশুকন্যা দগ্ধ হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্বামীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে অ্যাসিড ছোড়ার এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধ দুজনের চিকিৎসা চলছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন মাহফুজা আক্তার (২৮) ও তাঁর মেয়ে সানজিদা সুলতানা (৯)।
মাহফুজার স্বামী সুরুজ আলম খানকে আটক করা হয়েছে।
ঘটনার ব্যাপারে প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছিল, অ্যাসিড ছোড়ার ওই ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। পরে রূপনগর থানার পুলিশ ও বার্ন ইউনিটের চিকিৎসকেরা জানান, দুজন দগ্ধ হয়েছেন।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল প্রথম আলোকে বলেন, মাহফুজার মুখসহ শরীরের ৭ শতাংশ পুড়েছে। তাঁর মেয়ে সানজিদাও দগ্ধ হয়েছে। তার শরীরের কত শতাংশ পুড়েছে, তা পরীক্ষা করা হচ্ছে।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ আলম প্রথম আলোকে বলেন, পারিবারিক কলহ থেকে অ্যাসিড নিক্ষেপের ঘটনাটি ঘটতে পারে। স্ত্রী মাহফুজার সন্দেহের ভিত্তিতে স্বামী সুরুজকে আটক করা হয়েছে।
মাহফুজার ভাষ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, পরিবার নিয়ে রূপনগর এলাকার একটি টিনশেডের বাড়িতে থাকেন সুরুজ। আজ ভোর মুখোশধারী দুই যুবক তাঁদের বাড়িতে আসে। দরজা খুলে দিলে তারা অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। এতে মাহফুজা ও তাঁর মেয়ে দগ্ধ হয়।