রাজধানীতে দুর্বৃত্তের হামলায় যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে দুর্বৃত্তদের হামলায় নূর হোসেন (৩০) নামের এক যুবক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার দুপুরে কদমতলী থানাধীন জুরাইনের খালপাড় কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় নূর হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ চন্দ্র মিত্র।

এসআই কৃষ্ণ চন্দ্র মিত্রের ভাষ্য, আজ বেলা একটার দিকে জুরাইনের খালপাড় কবরস্থানের পাশে রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। তাঁর দুই হাত-পায়ের রগ কাটা ছিল এবং মাথায় তিন-চারটি কোপের চিহ্ন ছিল। ওই যুবকের পরিচয় জানতে চাইলে তাঁর নাম নূর হোসেন বলে জানান। তবে তাঁর ঠিকানা বা কারা তাঁকে কুপিয়ে জখম করেছে, এ ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া দুইটার দিকে তিনি মারা যান। তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।