রাজধানীতে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
রাজধানীর রায়েরবাগের একটি বাসা থেকে পুলিশ গতকাল বুধবার সন্ধ্যায় শ্রাবণী আক্তার (২৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
কদমতলী থানার পুলিশ জানিয়েছে, গত ১ নভেম্বর শ্রাবণী ও আরেক যুবক নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে রায়েরবাগের মুজাহিদনগরে একটি ভাড়া বাসায় ওঠেন। গত দুদিন ধরে বাসাটি তালাবদ্ধ ছিল। গতকাল বুধবার দুপুরে ওই বাসা থেকে থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে প্রতিবেশীরা বিষয়টি বাড়ির মালিক নুরুল ইসলামকে জানান। তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে। শ্রাবণীর গলায় ওড়না প্যাঁচানো ছিল। পরে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য পুরোনো ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠান হয়। শ্রাবণীর বাবা আবুল কালাম সপরিবারে গেন্ডারিয়ার লোহারপুল এলাকায় থাকেন।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম বলেন, ‘শ্রাবণীকে শ্বাসরোধ করে হত্যা করে তাঁর কথিত স্বামী পালিয়ে গেছেন।’