রাজধানীতে নারীসহ দুজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এক নারী পোশাকশ্রমিকসহ দুজন খুন হয়েছেন। গতকাল বুধবার সকালে গুলশান ২ নম্বরে সাবের হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। পোশাকশ্রমিক শাপলা আক্তারকে (২০) হত্যা করা হয় ধারালো অস্ত্রের আঘাতে। উত্তরার ৪ নম্বর সেক্টরের নর্দমা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে গুলশান ২ নম্বরের তাহের টাওয়ারের অরিজিন্যাল স্টোর নামের একটি দোকানের কর্মীরা সাবেরকে চুরির অভিযোগে পিটিয়ে গুরুতর আহত করেন। অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গুলশান থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, সাবেরকে হত্যায় জড়িত অভিযোগে অরিজিন্যাল স্টোরের কর্মচারী হুমায়ুন কবির (২৮) ও আমিনুর রহমানকে (৩০) আটক করা হয়েছে। এ ঘটনায় হওয়া মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হবে।
পুলিশ জানায়, অরিজিন্যাল স্টোরের কর্মচারীদের অভিযোগ, সাবের তাঁদের দোকান থেকে কিছু জিনিসপত্র চুরি করে পালানোর চেষ্টা করছিলেন। তাঁরা ধাওয়া করে সাবেরকে ধরে পিটুনি দেন। চুরির দৃশ্য দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়েছে।
তবে সাবেরের স্ত্রী সুমি বেগম বলেন, তাঁর স্বামী চোর নন। তাঁকে পিটিয়ে হত্যার পর তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। সাবের দীর্ঘদিন ধরে স্টেশনারি সামগ্রী ফেরি করে বিক্রি করতেন। প্রতিদিনের মতো গতকাল সকালেও তিনি মিরপুর ১২ নম্বর সেকশনের ডি ব্লকের বাসা থেকে বের হন। স্বামীর হত্যাকাণ্ডের খবর পেয়ে তিনি হাসপাতালে এসেছেন।
গতকাল সকাল সাড়ে নয়টার দিকে উত্তরার ৪ নম্বর সেক্টরের ৮ নম্বর সড়কের একটি নর্দমা থেকে শাপলার লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর কপাল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ জানায়, অজ্ঞাত হিসেবে লাশ উদ্ধার করে থানায় নেওয়ার পর স্বজনেরা এসে লাশটি শনাক্ত করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
শাপলার খালু ফজলুল হক জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় শাপলা উত্তরা ১ নম্বর সেক্টরের ফরিদ মার্কেটের পেছনের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। রাতে বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। তাঁর গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার দশমাইলে।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. ইকবাল হোসেন বলেন, শাপলাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শাপলার মা রাবেয়া বেগমের করা হত্যা মামলায় তাঁর স্বামী জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।