রাজধানীতে নাশকতায় যুক্ত ৪৫-৫০ জন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীজুড়ে সম্প্রতি নাশকতার জন্য ৪৫ থেকে ৫০ জনকে শনাক্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ৮-১০টি দলে ভাগ হয়ে ছোট বোতলে পেট্রল ভরে ঘুরে বেড়াচ্ছে তারা। কারও সঙ্গে থাকছে ককটেল। যেখানেই সুযোগ পাচ্ছে সলতেতে আগুন দিয়ে যানবাহনে ছুড়ে দিচ্ছে। তেল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যাচ্ছে কোনো কোনো দল।
ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেওয়া ভাষ্য, পুলিশের স্থানীয় সোর্স, প্রযুক্তি ব্যবহার করে ডিবি এই তথ্য পেয়েছে। আর র্যাব জানিয়েছে, সাবেক ১২ জন ওয়ার্ড কাউন্সিলর স্থানীয় পর্যায়ে নাশকতাকারীদের সমন্বয় করছেন। দুজন সরাসরি অর্থদাতা ও একজন প্রশ্রয়তাদাকে শনাক্ত করা হয়েছে।
ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধ কর্মসূচি চলাকালে গত ১৫ দিনে শুধু ঢাকা ও এর আশপাশের এলাকায় যানবাহনে পেট্রলবোমা, আগুন, ভাঙচুর ও ককটেল হামলার ঘটনা ঘটেছে তিন শতাধিক। এসব ঘটনায় একজন প্রাইভেটকার চালক দগ্ধ হয়ে মারা গেছেন। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ২৫ জন।
ডিবির উপকমিশনার শেখ নাজমুল আলম বলেন, মাত্র ৪৫ থেকে ৫০ জন ব্যক্তি রাজধানীতে নাশকতা করে বেড়াচ্ছে। তাদের তথ্য ডিবির কাছে রয়েছে।
গত ১৫ দিনে সুনির্দিষ্টভাবে নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন স্থান থেকে অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির একজন কর্মকর্তা। এই কর্মকর্তা আরও জানান, তাঁদের মধ্যে কয়েকজন ওই তালিকাভুক্ত।
র্যাবের তথ্যমতে, বিএনপির কিছু নেতা এদের অর্থ জোগান দিচ্ছেন। আবার সাবেক কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর এদের নিয়ন্ত্রণ করছেন। অর্থ জোগানদাতাদের মধ্যে বিএনপি নেতা ও পরিবহন ব্যবসায়ী কফিলউদ্দীন, বিএনপি নেতা এস এ খালেকের ছেলে সাজুর নাম রয়েছে র্যাবের তালিকায়।
যোগাযোগ করা হলে কফিলউদ্দীন বিষয়টি মিথ্যা অভিযোগ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘অনেকে অনেক কথাই বলতে পারে। কিন্তু গাড়ি বন্ধ থাকলে সবচেয়ে বেশি ক্ষতি আমার। আমি ব্যবসায়ী মানুষ, ব্যবসা করে খাই। ব্যাংকের ঋণে গাড়ি চালাই। এখন গাড়ি না চললে প্রতিদিন লাখ টাকা ক্ষতি। ব্যবসা বন্ধ থাকলে তো কেউ টাকা দেবে না।’ বক্তব্যের জন্য এস এ খালেকের ছেলের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর কার্যালয় থেকে জানানো হয়, তিনি দেশের বাইরে রয়েছেন। কার্যালয় থেকে বলা হয়, তাঁর ব্যক্তিগত মুঠোফোন নম্বরে নিজের নাম ও প্রয়োজন উল্লেখ করে খুদে বার্তা পাঠাতে। গত বৃহস্পতিবার খুদে বার্তা পাঠানোর পরও কোনো সাড়া মেলেনি।
র্যাবের তথ্যমতে, সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলরদের মধ্যে বাড্ডার কাইয়ুম, মিরপুরের হাসান, রাজাবাজারের আনোয়ার, শেখেরটেকের মনির, শেওড়াপাড়ার হেলাল, মগবাজারের মজিদ, হাতিরপুলের সিরাজুল ইসলাম, ধানমন্ডির বাবলু, ওয়ারীর আবুল বাশার, লালবাগের কালা খোকন, কোতোয়ালির মো. মোহন, ডেমরার নবীউল্লাহ এবং এলডিপির যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন সেলিম এসব নাশকতাকারীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে চলেছেন। গত শনিবার রাতে রমনায় পুলিশ বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ ২৭ জনের নাম উল্লেখ করে পুলিশ মামলা করে। এর মধ্যে কফিলউদ্দীনসহ ওই ১৫ জনকে আসামি করা হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় রাজধানীর টেকনিক্যাল মোড়ে বাসে আগুন দেওয়ার সময় আঙুর নামে এক যুবককে হাতেনাতে ধরে পিটুনি দেয় স্থানীয় জনতা ও পরিবহন কর্মীরা।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন খান জানান, পরে জিজ্ঞাসাবাদে আঙুর পুলিশকে জানিয়েছেন, তাঁরা তিনজন টাকার বিনিময়ে বাসে আগুন দিতে সাভারের হেমায়েতপুর থেকে ঢাকায় এসেছিলেন। বাকি দুজনের নামও জানিয়েছেন তিনি। পুলিশ ধারণা করছে, একজন প্রভাবশালী পরিবহন ব্যবসায়ী তাঁদের টাকা দিয়ে গাড়ি পোড়াতে পাঠিয়েছেন।
ঢাকা মহানগর ডিবির একজন কর্মকর্তা জানান, নাশকতাকারীদের একটি বড় অংশকে নিয়ন্ত্রণ করছেন ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসাহাক সরকার। ২০১৩ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন সময় সরাসরি নাশকতায় অংশ নেওয়া ১২ জন তাঁদের প্রশ্রয়দাতা হিসেবে ইসাহাক সরকারের নাম বলেছেন। ইসাহাক সরকারকে গত দুই বছর ধরে খোঁজাখুঁজি করেও ধরা যাচ্ছে না।
২০১৩ সালের ২৮ নভেম্বর সন্ধ্যায় শাহবাগে বিহঙ্গ পরিবহনের একটি মিনিবাসে পেট্রলবোমা মেরে আটজনকে হত্যার মামলায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। এঁরা হলেন উজ্জ্বল হোসেন, সোহেল হোসেন ওরফে চান সোহেল এবং ফারহান রহমান ওরফে সাব্বির।
মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এরা তিনজনই ওই হামলায় ইসাহাক সরকারের নাম বলেছেন। ওই হামলায় জড়িত হিসেবে পাভেল, জহির, আরমান ও চাচা সোহেল নামে আরও চারজনের নাম বলেন তাঁরা। পুলিশের তালিকায় ওই চারজন পলাতক।
তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, অন্য একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই চারজনকে ধরে নিয়ে যাওয়ার পর থেকে তাঁরা নিখোঁজ।
কর্মকর্তারা বলছেন, এঁদের পাশাপাশি জামায়াত-শিবিরের কিছু নেতা-কর্মী কেন্দ্রীয় পরিকল্পনায় নাশকতা করছেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় মতিঝিলে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার সময় দুজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করে স্থানীয় লোকজন। এই দুজন হলেন ওমর ফারুক ও মো. মামুন।
জানতে চাইলে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী বলেন, ওই দুজনই ছাত্রশিবিরের সদস্য। এঁদের মধ্যে মামুন এর আগেও নাশকতার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বাবা ইসলামী ব্যাংক হাসপাতালের নিরাপত্তাকর্মী। আর ওমর ফারুকের ভাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের এক আইনজীবী।
কর্মকর্তারা বলছেন, ককটেলের তুলনায় পেট্রল দামে সস্তা, নাশকতায় সহজে ব্যবহার করা যায় ও আগুনে বেশি আতঙ্ক তৈরি হয় বলে নাশকতাকারীরা এ পদ্ধতি বেশি ব্যবহার করছে।