রাজধানীতে নিজ বাসায় দিনদুপুরে খুন

প্রধানমন্ত্রী কার্যালয়ের পেছনে পশ্চিম নাখালপাড়ার নিজ বাসায় দিনদুপুরে আমেনা বেগম নামের এক বৃদ্ধা খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে। এ ঘটনায় তেজগাঁও থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।
২৮৮ পশ্চিম নাখালপাড়ার একটি পাঁচতলা ভবনের মালিক ছিলেন আমেনা বেগম। নিচতলার একটি কক্ষ ভাড়া দেওয়ার জন্য টু লেট ঝোলানো ছিল। কক্ষটি ভাড়া নেওয়ার আগ্রহ দেখিয়ে দুপুরের দিকে এক বা একাধিক ব্যক্তি আসে। দীর্ঘ সময় সাড়া না পেয়ে আমেনা বেগমের পুত্রবধূ বর্ষা তাঁকে খুঁজতে নিচতলায় যান।
বর্ষা বলেন, নিচে গিয়ে তিনি দেখেন রান্নাঘরের দেয়ালে ঠেস দেওয়া অবস্থায় আমেনা পড়ে আছেন। শাশুড়িকে এ অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি ওই ভবনেরই চারতলায় থাকা তাঁর ভাশুর ও জা’কে ডেকে আনেন। প্রথমে তাঁরা ধারণা করেছিলেন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগী আমেনা বেগম অসুস্থতার কারণে মাথা ঘুরে পড়ে থাকতে পারেন। টানাটানি করে বের করে এনে তাঁরা দেখেন, আমেনার মাথার খুলির অংশ ঘরে পড়ে রয়েছে। আর সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। প্রথমে তাঁকে একটি স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়েছিল। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আমেনা বেগম হাতে চুড়ি, গলায় চেন ও কানে দুল পরতেন। মৃতদেহ উদ্ধারের পর তাঁর হাতের চুড়ি ও গলার চেন পাওয়া যায়নি।
ঘটনাস্থলটি সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘিরে রেখেছে। তা ছাড়া ঘটনাস্থলে পুলিশ, র্যাব ও পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা উপস্থিত হয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার সাত্যকি কবিরাজ সাংবাদিকদের বলেন, তাঁরা বিষয়টি তদন্ত করে দেখছেন। আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলছেন।