রাজধানীতে পকেটমার সন্দেহে পাঁচ নারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউ সিনেমা হল এলাকা থেকে পকেটমার সন্দেহে পাঁচ নারীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে তাঁদের আটক করা হয়।

আটক হওয়া নারীরা হলেন নাজমা বেগম (৩২), তাসলিমা বেগম (২৫), নিলম (৩৬), কুলসুম (৩৬) ও দিলারা (২৪)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের ইনচার্জ সার্জেন্ট নাসিরউদ্দিন সরকার। তিনি প্রথম আলোকে বলেন, আজ সকালে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল গুলিস্তান থেকে ওই পাঁচ নারীকে আটক করে।

সার্জেন্ট নাসিরউদ্দিন জানান, আটক হওয়া ওই পাঁচ নারীর সঙ্গে দেড় বছর ও ১০ মাস বয়সী দুটি শিশু পাওয়া গেছে। শিশু দুটির পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

আটক হওয়া নারীদের পরিচয় সম্পর্কে নাসিরউদ্দিন বলেন, আটক নিলমের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুরে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অন্য চার নারীর বাড়ি। ঢাকায় একসঙ্গে তাঁরা হাজারীবাগের বেড়িবাঁধ এলাকার সুমনের বস্তিতে থাকেন।

আটক হওয়া ওই নারীদের বরাত দিয়ে পকেটমারার কৌশল সম্পর্কে সার্জেন্ট নাসিরউদ্দিন বলেন, তাঁরা গুলিস্তান এলাকায় সংঘবদ্ধভাবে নারীদের টার্গেট করে পকেট মারতেন। প্রথমে বাচ্চার জন্য সাহায্য চেয়ে তাঁরা নারীদের গতিরোধ করতেন। এরপর সবাই ওই নারীর চারপাশ থেকে ঘিরে ফেলতেন। তাঁদের মধ্যে দু-একজন বিভিন্নভাবে ওই নারীর কাছে সাহায্য চাইতেন। দলের অন্য সদস্যরা সুযোগমতো ওই নারীর ব্যাগ, মালামাল, টাকা বা মোবাইল ছিনিয়ে নিতেন। এ ছাড়া তাঁরা বাসযাত্রীদেরও পকেট মারতেন।

আটক হওয়া নারীদের পল্টন থানায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সার্জেন্ট নাসিরউদ্দিন ।