রাজধানীতে পাঁচ গাড়িতে আগুন, ককটেলে ছাত্র আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলিস্তান এলাকায় আজ দুপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: ফোকাস বাংলা
রাজধানীর গুলিস্তান এলাকায় আজ দুপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: ফোকাস বাংলা

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ চলাকালে আজ বুধবার রাজধানীতে সকাল থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত পাচঁটি যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নগরের বঙ্গবাজার সুরিটোলা এলাকায় ককটেল বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। এঁদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সরকারি কবি নজরুলের ছাত্র সানজিদ হাসানের অবস্থা আশঙ্কাজনক।

রাজধানীর ধানমন্ডি এলাকায় আজ একটি ব্যক্তিগত গািড়তে আগুন দেয় অবরোধকারীরা। ছবি: ফোকাস বাংলা
রাজধানীর ধানমন্ডি এলাকায় আজ একটি ব্যক্তিগত গািড়তে আগুন দেয় অবরোধকারীরা। ছবি: ফোকাস বাংলা

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বেলা সোয়া একটার দিকে দুর্বৃত্তরা নগরের আসাদগেটের কাছে মিরপুর রোডের সানরাইজ প্লাজার সামনে একটি মাইক্রোবাসে আগুন দেয়। তবে এতে কেউ হতাহত হয়নি। প্রায় একই সময় ওই এলাকায় আরও পাঁচটি যাত্রীবাহী বাসে ভাঙচুর চালানো হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বেলা একটার দিকে গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে বন্ধন পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। প্রায় একই সময় মানিকনগরে বাহন পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে নীলক্ষেত মোড়ে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুবৃ‌র্ত্তরা। প্রায় একই সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। তবে কেউ হতাহত হয়নি।
ককটেলের আঘাতে ক্ষতবিক্ষত: সন্ধ্যা সাতটার দিকে দুর্বৃত্তদের ছোড়া ককটেলের আঘাতে বঙ্গবাজারে এনএক্স টাওয়ারের সামনে সানজিদ হাসান ওরফে অভি নামের এক কলেজছাত্র আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, তাঁর অবস্থা সংকটাপন্ন।

সানজিদকে হাসপাতালে আনা রনি জানান, সানজিদ তাঁর পূর্বপরিচিত। তিনি বঙ্গবাজারে কেনাকাটা করতে এসেছিলেন। পুরান ঢাকার কবি নজরুল কলেজের ছাত্র সানজিদ কলতাবাজারে থাকেন।
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সুরিটোলা মোড়ে ককটেলের বিস্ফোরণে গিয়াসউদ্দিন নামের আরেক ব্যক্তি আহত হন। তাঁকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আজ সন্ধ্যায় রাজধানীর বাড্ডা ও কমলাপুরে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।