রাজধানীতে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের দাবি
রাজধানীর মাতুয়াইলে আজ দুপুর ১২টার দিকে পৌনে পাঁচ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে দাবি করেছেন এক ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর নাম হাফিজুর রহমান (৩৪)।
হাফিজুর মাতুয়াইল বাজারের তুহিন এন্টারপ্রাইজ নামের একটি রড-সিমেন্টের দোকানের মালিক।
আহত হাফিজুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন হাফিজুর রহমানের ভাষ্য, আজ সকালে বিভিন্ন দোকান থেকে টাকা সংগ্রহ করে দোকানে ফেরার সময় মাতুয়াইলের বাদশা মিয়া রোডে স্থানীয় চাঁদাবাজ সুমন, বাবু, মনির, আনোয়ারসহ ১০-১২ জন যুবক মোটরসাইকেলে তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁরা রড দিয়ে হাফিজুরকে পিটিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেন।
হাফিজুরের দাবি, ব্যাগের ভেতর পৌনে পাঁচ লাখ টাকা ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পর দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক ছিনতাইয়ের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।