রাজধানীতে পানির ড্রামে শিশুর লাশ, আটক ১
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার ধলপুরে এক বাসার বাথরুমে পানির ড্রাম থেকে গতকাল শুক্রবার মাইমুনা আক্তার (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, শিশুটিকে হত্যা করা হয়েছে। এ অভিযোগে শিশুটির বাবার দ্বিতীয় স্ত্রী সুমাইয়া ইসলামকে আটক করেছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, খবর পেয়ে সকাল সাড়ে আটটার দিকে ধলপুরের হাসনা হেনা লেনের একটি বাড়ির চারতলার বাথরুমে পানির ড্রাম থেকে মাইমুনার লাশ উদ্ধার করা হয়। তার মাথা পানিভর্তি ড্রামে চুবানো ছিল। বাঁ হাতের কবজি ভাঙা ও পায়ে ছিল কামড়ের দাগ। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মাইমুনার বাবা আবদুর রাজ্জাক ওয়াসার অধীন সায়েদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের স্টোরকিপার। পাঁচ বছর আগে মাইমুনার মা মারা যাওয়ার পর রাজ্জাক সুমাইয়া ইসলামকে বিয়ে করেন। সুমাইয়াদের ঘরে দুই সন্তান আছে। ধলপুরের বাসায় মাইমুনার দাদি ফুলমতিও থাকেন। মাইমুনা রাতে দাদির সঙ্গে ঘুমাত। গত বৃহস্পতিবার রাজ্জাক গ্রামের বাড়ি মাদারীপুরে যান। রাতে সুমাইয়া ‘ভয় লাগছে’ বলে শাশুরিকে জানান এবং মাইমুনাকে তাঁর সঙ্গে থাকতে বলেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে সুমাইয়ার সঙ্গে ছিল মাইমুনা। কিন্তু গতকাল ভোরে মাইমুনার দাদি ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে দেখেন, পানির ড্রামে মাইমুনার মাথা চুবানো অবস্থায় রয়েছে। এ সময় দাদি ফুলমতির চিৎকারে আশপাশের মানুষ সেখানে যায়। পরে যাত্রাবাড়ী থানায় খবর দেওয়া হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর প্রথম আলোকে বলেন, সুমাইয়া প্রতিহিংসার বশবর্তী হয়ে মাইমুনাকে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ কারণে তাঁকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
লাশ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল হক চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমাইয়া কিছু স্বীকার করেননি। তিনি জানিয়েছেন, গভীর রাতে মাইমুনা বাথরুমে যাচ্ছে বলে জানিয়েছিল। বাথরুম থেকে সে আর ঘরে ফেরেনি। দাদির কাছে গেছে ভেবে তিনি আর খোঁজ নেননি।
খবর পেয়ে গ্রাম থেকে ঢাকায় আসেন আবদুর রাজ্জাক। ঘটনার বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে রাজি হননি।