রাজধানীতে পুলিশ দুর্বৃত্ত 'বন্দুকযুদ্ধ' দুজন আহত
রাজধানীর বিমানবন্দর থেকে মিরপুরমুখী জিল্লুর রহমান উড়ালসড়কে গতকাল বুধবার ভোরে পুলিশের সঙ্গে দুর্বৃত্তদের ‘বন্দুকযুদ্ধে’ পুলিশসহ দুজন আহত হয়েছেন। তাঁরা হলেন ক্যান্টনমেন্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম ও দুর্বৃত্ত দলের সদস্য রুবেল হোসেন (২৩)।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি গুলি ও তরল বিষাক্ত পদার্থে পূর্ণ দুটি সিরিঞ্জ উদ্ধার করা হয়। এএসআই শফিকুলকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। গুলিবিদ্ধ রুবেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক বেনজীর আহমেদ জানান, ভোরে উড়ালসড়কে পুলিশের চেকপোস্ট বসানো হয়। ভোর ছয়টার দিকে একটি সিএনজি অটোরিকশা মিরপুরের দিকে যাওয়ার সময় পুলিশ তা থামায়। অটোরিকশায় চালকসহ চারজন ছিলেন। দুই যুবককে বাইরে এনে তল্লাশির সময় পুলিশ সদস্যদের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়। এ সময় অটোরিকশার ভেতর থেকে আরেক যুবক হঠাৎ পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এতে এএসআই শফিকুলের ডান হাতে গুলিবিদ্ধ হয়। পুলিশও পাল্টা গুলি করলে রুবেল হোসেনের বাঁ হাতে একটি গুলি লাগে। অন্য দুই যুবক অটোরিকশায় উঠে পাঁচ-ছয়টি গুলি করে পালিয়ে যান। রুবেল পালানোর চেষ্টা করলে আশপাশের লোকজন তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে তুলে দেয়।
বেনজীর জানান, ওই তিন যুবকের হাতেই অস্ত্র ছিল।
পুলিশের ক্যান্টনমেন্ট বিভাগের সহকারী কমিশনার কুদরত-ই-খুদা বলেন, বড় কোনো নাশকতার উদ্দেশ্যে সশস্ত্র এই যুবকেরা বের হয়েছিলেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি গুলি ও তরল পদার্থে পূর্ণ দুটি সিরিঞ্জ উদ্ধার করা হয়।