রাজধানীতে পুলিশের গুলিতে ছিনতাইকারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর টিকাটুলী এলাকায় আজ রোববার বিকেলে ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে ফেরদৌস আহমেদ নামের এক ছিনতাইকারী নিহত হয়েছে। ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান, বিকেল সাড়ে তিনটার দিকে টিকাটুলির অভিসার সিনেমা হলের সামনে এক রিকশা আরোহীর কাছে তিনজনের একটি দল ছিনতাই করার চেষ্টা করে। এ সময় ঘটনা স্থলে পুলিশ উপস্থিত হয়। পুলিশ ছিনতাইকারীদের ধরার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ করে ককটেল ছুড়ে মারে। এ সময় পুলিশ আত্মরক্ষার জন্য গুলি চালালে একজনের পায়ে গুলি লাগে ও অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ ওই ব্যক্তির কাছে নগদ ২৮ হাজার টাকা ও ২টি ককটেল উদ্ধার করা হয়। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। ওসি আরও জানান, আহত অবস্থায় তাঁরা ওই ব্যক্তির নাম জানতে পেরেছেন। এর বেশি কিছু জানা সম্ভব হয়নি। তাঁরা নিহতের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছেন। লাশ এখন ঢাকা মেডিকেল কলেজের মর্গে আছে।