বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধের ৪৪তম দিন গতকাল বুধবার রাজধানীতে পুলিশের গুলিতে জামায়াত ও ছাত্রশিবিরের দুই কর্মী আহত হয়েছেন। যশোরের মনিরামপুর উপজেলায় গত মঙ্গলবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, পুলিশ দুজনকে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে।
এ ছাড়া নারায়ণগঞ্জে একটি পুলিশ বক্সে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। পিরোজপুরে একটি কলেজের কক্ষে আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জে ভূমি অফিসে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল রাত ১০টা পর্যন্ত নাশকতায় জড়িত থাকার সন্দেহে ও বিভিন্ন মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার বা আটক করেছে ১৪২ জনকে।
৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে চলছে এ অবরোধ কর্মসূচি। তবে এর দুই দিন আগেই শুরু হয় সহিংসতা। ক্রসফায়ারে নিহত ২৩ জনসহ সহিংসতায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৯৬ জন; আহত ব্যক্তির সংখ্যা সহস্রাধিক। আগুন দেওয়া হয়েছে ৫৭৩টি যানবাহনে এবং ভাঙচুর করা হয়েছে আরও ৫৭৬টি।
রাজধানীর চিত্র: গতকাল পৃথক ঘটনায় পুলিশের গুলিতে দুই ব্যক্তি আহত ও একজন গণপিটুনির শিকার হয়েছেন। গুলিবিদ্ধ তিনু বিশ্বাস (৩৫) ও মো. মাসুদ (১৮) এবং গণপিটুনির শিকার মামুনকে (১৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের দাবি, আহত ব্যক্তিরা জামায়াত-শিবিরের কর্মী। নাশকতা ও ভাঙচুরের ঘটনা ঘটানোর সময় বাধা পেয়ে তাঁরা পুলিশের ওপর হামলা চালান। এ সময় দুজন পুলিশের গুলিতে আহত ও একজন গণপিটুনির শিকার হন।
পুলিশ জানায়, বেলা সোয়া একটার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনের ভাসানী রোডে জামায়াতের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। পুলিশ ধাওয়া দিলে তাঁরা পুলিশের ওপর আক্রমণ করেন। পুলিশ গুলি চালালে তিনু বিশ্বাস আহত হন। তাঁর দুই পায়ে গুলি লেগেছে।
তবে পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনু বলেন, তিনি জামায়াতে ইসলামীর মিছিলে ছিলেন। সেখান থেকে ধরে নিয়ে পুলিশ তাঁর পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করেছে। তিনি তৈরি পোশাকসামগ্রীর ব্যবসায়ী।
পুলিশ আরও দাবি করে, ধানমন্ডি ৬ নম্বর সড়কের মাথায় গ্রিন রোডে ছাত্রশিবির বেলা আড়াইটার দিকে ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা গাড়ি ভাঙচুর করে। পুলিশ বাধা দিলে তারা পুলিশের ওপর আক্রমণ করে। এতে মাসুদের ডান পায়ে গুলি লাগে।
কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন মাসুদের স্বজনেরা দাবি করেন, মাসুদ পুলিশের ওপর হামলা চালায়নি। পুলিশ তাকে গুলি করে আহত করেছে। সে মোহাম্মদপুরে একটি বেসরকারি কলেজে ইংরেজি দ্বিতীয় বর্ষে পড়ে।
পুলিশ আরও দাবি করেছে, বেলা সোয়া একটার দিকে মালিবাগে ছাত্রশিবিরের আরেকটি ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর কয়েকটি ককটেল ছুড়ে মারা হয়। এ সময় লোকজন মামুনকে ধরে পিটুনি দেয় এবং পুলিশে সোপর্দ করে।
দুই গাড়িতে আগুন: ঢাকার ডেমরার রানীমহল বাসস্ট্যান্ডে গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে একটি যাত্রীবাহী লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিসংযোগের আগে যাত্রীদের নামিয়ে দেয় তারা। এ ছাড়া কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় গত রাতে এভারেস্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসেও আগুন দেওয়া হয়েছে।
পুলিশ বক্সে বোমা হামলা: নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় একটি পুলিশ বক্সে গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে দুর্বৃত্তরা পেট্রলবোমা ছুড়েছে। এতে বক্সের দরজা আগুনে পুড়ে গেছে। এ সময় সেখানে কোনো পুলিশ ছিল না। ঘটনায় জড়িত সন্দেহে লোকজন ধাওয়া করে দুজনকে আটক করে।
চট্টগ্রামে বাসে আগুন: চট্টগ্রামের ইপিজেড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। বাসটিতে করে ইপিজেড এলাকার নারী শ্রমিকদের আনা-নেওয়া করা হয়।
কলেজে অগ্নিসংযোগের চেষ্টা: পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজের একটি কক্ষে গত মঙ্গলবার দিবাগত রাতে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। অধ্যক্ষ গোলাম মোস্তফা জানান, ওই দিন রাতে ক্যাম্পাসে টানানো ছাত্রলীগ নেতাদের তিনটি ব্যানারে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে গতকাল সকালে কলেজের কর্মচারীরা ব্যানারগুলো পোড়া ও একটি কক্ষের দরজার নিচে কেরোসিনের চিহ্ন দেখতে পান।
পুলিশ বলেছে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কলেজের নৈশপ্রহরী শাহজাহান হাওলাদারকে আটক করা হয়েছে।
ভূমি অফিসে আগুন: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এতে অফিস সহকারীর কক্ষ, সরকারি নথিপত্র ও মালামাল পুড়ে গেছে।
ঢাকার বাইরের আরও চিত্র: সাতক্ষীরা শহরতলির বাঁকাল মেডিকেল কলেজ-সংলগ্ন এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও আটটি গুলি উদ্ধার করেছে র্যাব। এসব অস্ত্রের মধ্যে চারটি ওয়ান শ্যুটারগান ও একটি রিভলবার।
মাগুরার শিমুলিয়া এলাকায় গত রাতে বালুবোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে যশোর অভিমুখী ট্রাকটির চালক মো. চুন্নু মিয়া ও তাঁর সহকারী চয়ন হোসেন সামান্য দগ্ধ হন। তাঁদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা}