রাজধানীর মিরপুরের সেনপাড়ায় গত বুধবার গভীর রাতে পুলিশের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। তাঁর পরিচয় পাওয়া যায়নি। পুলিশের দাবি, নিহত যুবক টহল পুলিশের পিকআপ লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়লে জবাবে পুলিশের গুলিতে তিনি মারা যান।
মঙ্গলবার গভীর রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হওয়ার পরের রাতে এই ঘটনা ঘটল। এ নিয়ে গত ২০ দিনে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে র্যাব, ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ ও পুলিশের গুলিতে ১১ জন নিহত হলেন।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধ-হরতাল কর্মসূচির আগে পুলিশ-র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কেউ মারা গেলে সংশ্লিষ্ট দপ্তর থেকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হলেও এখন আর তা করা হয় না।
সেনপাড়ায় যুবক নিহত হওয়ার বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ্উদ্দিন খান গতকাল বৃহস্পতিবার বলেন, বুধবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে রোকেয়া সরণির সেনপাড়া পর্বতার এলডিসিএল নামের একটি শোরুমের সামনে একদল দুর্বৃত্ত মিরপুর থানার টহল পুলিশের ওপর দুটি পেট্রলবোমা ছুড়ে মারে। দুটিই লক্ষ্যভ্রষ্ট হয়। পেট্রলবোমা মেরেই দুর্বৃত্তরা ওই শোরুমের পাশের গলিতে ঢুকে পড়ে। একপর্যায়ে টহল পুলিশ তাদের লক্ষ্য করে গুলি চালায়। পরে ওই গলিতে এক যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। অন্যরা পালিয়ে যায়। টহল দলের নেতৃত্বে ছিলেন উপপরিদর্শক (এসআই) সৈয়দ আসাদুজ্জামান।
পুলিশ পরে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। মর্গ সূত্র জানায়, ওই যুবকের শরীরে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। তাঁর পরনে ক্রিম রঙের শার্ট ও বিস্কুট রঙের প্যান্ট ছিল। তাঁর লাশ শনাক্ত করতে কেউ মর্গে যায়নি।
যোগাযোগ করা হলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মো. নিশারুল আরিফ প্রথম আলোকে বলেন, নিহত যুবকের পাশ থেকে উদ্ধার হওয়া একটি কাপড়ের ব্যাগ থেকে দুটি পেট্রলবোমা ও দুটি ককটেল উদ্ধার করা হয়েছে।
গত ২০ দিনে ‘বন্দুকযুদ্ধে’ ও পুলিশের গুলিতে নিহত ১১ জনের মধ্যে জামায়াত-শিবিরের তিনজন ও ছাত্রদলের তিনজন রয়েছে। অপর দুজনকে পুলিশ ‘ছিনতাইকারী’ বলে দাবি করেছে। যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় নিহত দুজন দোকান কর্মচারী বলে তাঁদের স্বজনেরা জানিয়েছেন। র্যাব দাবি করেছিল, দুর্বৃত্তরা র্যাবের টহলযানে পাথর ও গুলি ছুড়লে র্যাব পাল্টা গুলি চালালে ওই দুই যুবক নিহত হন। এই ১১ জনের মধ্যে ঢাকায় নিহত হন আটজন।
এ ছাড়া গত ২৬ জানুয়ারি রাতে চাঁপাইনবাবগঞ্জে আটকের পর ট্রাকের চাপায় এক শিবির কর্মী নিহত হন। র্যাবের দাবি, তিনি গাড়ি থেকে পালাতে গিয়ে ট্রাকের নিচে পড়েন। সোমবার রাতে যশোরে বিএনপির দুই সমর্থক ইউসুফ আলী ও মো. লিটনও ট্রাকচাপায় নিহত হন। পুলিশের দাবি, পেট্রলবোমা ছোড়ার সময় তাঁরা ট্রাকচাপায় মারা যান।
মঙ্গলবার রাতে ভাষানটেকের শিল্পীরটেক মাঠ থেকে উদ্ধার হওয়া যুবকের গুলিবিদ্ধ লাশ গতকালও শনাক্ত হয়নি। লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। অবশ্য বুধবার রাতে লক্ষ্মীবাজারের জুতা ব্যবসায়ী বিল্লাল হোসেন ওই যুবককে তাঁর মামাতো ভাই আল আমিন বলে শনাক্ত করেন। তিনি জানান, ২৮ জানুয়ারি টাঙ্গাইলের সদর উপজেলার তিলাপাড়া থেকে আল আমিন নিখোঁজ হয়েছেন। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত বিল্লাল বা অন্য কেউ মর্গে যাননি।
এদিকে মঙ্গলবার বিকেলে মিরপুর বেড়িবাঁধের রুস্তমপুর থেকে ছুরিকাঘাতে নিহত যুবকের পরিচয়ও গতকাল পর্যন্ত পাওয়া যায়নি। তাঁর লাশও মর্গে রয়েছে।