রাজধানীতে 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ ১
রাজধানীর রাষ্ট্রপতি জিল্লুর রহমান উড়ালসড়কে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রুবেল হোসেন খোরশেদ (২৩) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।
রুবেলের বাড়ি লক্ষ্মীপুরে। তিনি ঢাকায় আবদুল্লাহপুরের দক্ষিণখান এলাকায় থাকেন।
পুলিশের দাবি, গুলিবিদ্ধ রুবেল ছিনতাইকারী। এ বন্দুকযুদ্ধের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) বেনজীর আহমেদের ভাষ্য, আজ ভোর ছয়টার দিকে রুবেলসহ আরও দুই ছিনতাইকারী একটি সিএনজিচালিত অটোরিকশায় করে উড়ালসড়ক দিয়ে হোটেল র্যাডিসনের সামনে থেকে মিরপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় উড়ালসড়ক চেকপোস্টের কর্তব্যরত পুলিশ সদস্যরা অটোরিকশাটিকে থামাতে সংকেত দেন। অটোরিকশা থেকে দুজন নেমে এসে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তখন অটোরিকশার মধ্যে থাকা ছিনতাইকারী দলের অপর সদস্য পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে এএসআই শফিকুল ইসলাম আহত হন। এ সুযোগে নেমে আসা অপর দুই সদস্য অটোরিকশায় উঠে পড়েন। এরপর ছিনতাইকারীরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যাওয়ার সময় পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এতে রুবেলের বাঁ হাতে গুলি লাগে।
বেনজীর আহমেদের দেওয়া তথ্যমতে, ছিনতাইকারীদের গুলির শব্দে আশপাশের লোকজন বেরিয়ে আসেন। তাঁরা অটোরিকশা থেকে রুবেলকে টেনে বের করে এনে গণপিটুনি দেন। এ সময় রুবেলের বাঁ পায়ে আঘাত লাগে। রুবেলের কাছ থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারী দলের অন্য সদস্যরা অটোরিকশাযোগে পালিয়ে যান।
বেনজীর আহমেদ জানান, আহত রুবেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।