রাজধানী ও ফেনীতে পেট্রলবোমায় আহত ২
রাজধানীর পল্লবী ও ফেনীতে আজ বুধবার রাতে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দুজন আহত হয়েছেন। তাঁদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজনকে ফেনী থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা: পল্লবীতে পেট্রলবোমায় আহত হয়েছেন আসাদুজ্জামান নামের এক সহকারী জজ (নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, রাত সাড়ে আটটার দিকে পল্লবীর লালমাটি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আসাদুজ্জামান কল্যাণপুরে থেকে বাসায় ফিরছিলেন। জানা গেছে, তাঁর পিঠে ১২ শতাংশ পুড়ে গেছে। এ অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আনা হয়।
আসাদুজ্জামানের বাবা আবুল খায়ের বলেন, আসাদুজ্জামান এবার সহকারী জজের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
এ দিকে ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত আটটার দিকে গুলিস্তানের গোলাপ শাহ মাজারের কাছে যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়।
ফেনী: ফেনীতে পেট্রলবোমায় মো. নওশাদ (৪০) নামের এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। তিনি পেশায় রাজমিস্ত্রি। বাড়ি রংপুরের মিঠাপুকুর থানায়।
ফেনী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউল হক জানান, রাত সাড়ে নয়টার দিকে নওশাদ কাজ শেষে সিএনজি চালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন। কালিপাল এলাকার শচীন্দ্রপালের পুলের কাছাকাছি পৌঁছালে দুবৃর্ত্তরা অটোরিকশা লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে। এতে নওশাদের মুখসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। তাঁকে ফেনী সদর হাসাপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।